Don't Miss
Home / জাতীয় / সিদ্ধিরগঞ্জ ভূমি কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে কায়সার কামাল, কর্মকর্তাদের অনুপস্থিতিতে অসন্তোষ
সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভুমি অফিসে ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল

সিদ্ধিরগঞ্জ ভূমি কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে কায়সার কামাল, কর্মকর্তাদের অনুপস্থিতিতে অসন্তোষ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের অনুপস্থিত পান ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল। বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও পরিচ্ছন্নকর্মী ছাড়া অন্য কোনো কর্মকর্তা-কর্মচারী কার্যালয়ে উপস্থিত ছিলেন না। অধিকাংশ কক্ষ তালাবদ্ধ থাকায় কার্যালয়ের বারান্দায় রাখা চেয়ারে বসে প্রায় আধা ঘণ্টা অপেক্ষা করতে হয় প্রতিমন্ত্রীকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যালয়ের প্রধান ফটক খোলা থাকলেও ভেতরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দেখা মেলেনি। এ সময় ভূমি সেবা নিতে আসা এক সেবাগ্রহীতাকে অপেক্ষমাণ অবস্থায় দেখে তাঁর সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। পরে খবর পেয়ে প্রায় আধা ঘণ্টা পর কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ে উপস্থিত হন।

এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী সংশ্লিষ্টদের কাছে সময়মতো উপস্থিত না থাকার কারণ জানতে চান। তাঁদের ব্যাখ্যা শোনার পর তিনি অসন্তোষ জানান।

পরিদর্শন শেষে সাংবাদিকদের কায়সার কামাল বলেন, সারা দেশের ভূমি অফিসগুলোর সেবা নিয়ে নানা অভিযোগ রয়েছে। সেবাগ্রহীতা ও সেবাদানকারীদের মধ্যে দূরত্ব কমাতে হবে এবং সেবা পেতে কত সময় লাগবে, তা স্পষ্টভাবে জানাতে হবে। তিনি বলেন, প্রথাগত আমলাতান্ত্রিক মনোভাব কাটিয়ে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, আকস্মিক পরিদর্শন কেবল সিদ্ধিরগঞ্জে সীমাবদ্ধ থাকবে না; দেশের যেকোনো প্রান্তে যেকোনো সময় এ ধরনের অভিযান চালানো হবে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাসির উদ্দিনের মুঠোফোনে সাড়া পাওয়া যায়নি।

সিদ্ধিরগঞ্জ অঞ্চলের সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর জানান, ব্যক্তিগত কারণে তিনি অর্ধদিবস ছুটিতে ছিলেন। তবে বিষয়টি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অবগত আছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...