এমএনএ জাতীয় ডেস্ক : জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১০ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান ২০২২ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। আজ মঙ্গলবার (১৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে। এবার প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এ পুরস্কার পাচ্ছে।
পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা হলেন-
‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ক্যাটাগরিতে ৫ জন স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। তারা হলেন- বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম), আব্দুল জলিল, সিরাজ উদদীন আহমেদ এবং মরহুম সিরাজুল হক।
‘চিকিৎসাবিদ্যা’ ক্যাটাগরিতে দুইজন পুরস্কার পাচ্ছেন। তারা হলেন- অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এবং অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম। ‘সাহিত্যে’ মরহুম মো. আমির হামজা এবং ‘স্থাপত্যে’ মরহুম স্থপতি সৈয়দ মঈনুল ইসলাম স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। ‘গবেষণা ও প্রশিক্ষণ’ ক্ষেত্রে পুরস্কার পাচ্ছে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট।
এছাড়া গবেষণা ও প্রশিক্ষণে স্বাধীনতা পদক পাচ্ছেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট। স্বাধীনতা পুরস্কারের ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে ৫ লাখ টাকা, আঠারো ক্যারেট মানের পঞ্চাশ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা, ও একটি সম্মাননাপত্র দেয়া হবে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

