Don't Miss
Home / হোম স্লাইডার / স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এমএনএ রিপোর্ট : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার সকাল ১১টা ৫ মিনিটে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন এবং পরে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় সংগঠনের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক নির্মল রঞ্জন গুহ দলীয় পতাকা উত্তোলন করেন।

পতাকা উত্তোলনের সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম। এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় অন্য নেতারা এবং স্বেচ্ছাসেবক লীগের নেতারা সম্মেলনে উপস্থিত আছেন।

শেখ হাসিনা উদ্যানে পৌঁছালে সংগঠনের নেতাকর্মীরা স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান। সম্মেলনের প্রধান অতিথি শেখ হাসিনার আগমনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা স্বাগতম’, ‘শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য’ ইত্যাদি স্লোগান দেন নেতাকর্মীরা।

এর আগে আজ শনিবার সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনস্থলে আসতে শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে স্লোগান দিয়ে মিছিল নিয়ে তাদের আসতে দেখা যায়। উদ্যানের চারপাশের প্রবেশদ্বার দিয়ে তারা সম্মেলনস্থলে প্রবেশ করেন।

আওয়ামী লীগের অন্যতম এই সহযোগী সংগঠনের এবারের সম্মেলন খুবই তাৎপর্যপূর্ণ। এবারই প্রথম শীর্ষ দুই নেতা সভাপতি ও সাধারণ সম্পাদককে ছাড়াই জাতীয় সম্মেলন হচ্ছে।

ক্যাসিনো ও দুর্নীতিবিরোধী অভিযান চলার মধ্যেই নানা অভিযোগে গত ২৩ অক্টোবর সভাপতির পদ থেকে অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছারকে অব্যাহতি দেওয়া হয়।

এর একদিন পরই প্রধানমন্ত্রীর নির্দেশে সংগঠনটির সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপিকে সম্মেলন কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত হয়। এই দুই নেতাকে সম্মেলনে আমন্ত্রণও জানানো হয়নি।

উদ্বোধনী অধিবেশন শেষে দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় পর্ব তথা কাউন্সিল অধিবেশনে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে।

একইসঙ্গে সদ্যসমাপ্ত স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃত্বও ঘোষণা করা হবে। গত ১১ ও ১২ নভেম্বর এই দু’টি শাখার সম্মেলন হলেও জাতীয় সম্মেলনের সঙ্গে নতুন নেতাদের নাম ঘোষণার সিদ্ধান্ত হয়।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ১৯৯৪ সালের ২৭ জুলাই স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠা করেন। ২০১২ সালের ১১ জুলাই সংগঠনের সর্বশেষ অর্থাৎ দ্বিতীয় জাতীয় সম্মেলনে মোল্লা মো. আবু কাওছার সভাপতি এবং পংকজ দেবনাথ সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হন। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পর জাতীয় সম্মেলন হওয়ার কথা থাকলেও এবার এটি হচ্ছে প্রায় সাড়ে সাত বছর পর।

x

Check Also

হাওরে টানা বৃষ্টি ও উজানের ঢল: অষ্টগ্রাম-মৌলভীবাজারে তলিয়ে হাজার হেক্টর বোরো, চরম দুশ্চিন্তায় কৃষক

এমএনএ প্রতিবেদক টানা ভারী বৃষ্টি ও উজানের ঢলে দেশের হাওরাঞ্চলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ ...