Don't Miss
Home / আজকের সংবাদ / হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ

হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ

আদালত প্রতিবেদক

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান ব্যক্তিগত কারণে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে পদত্যাগপত্রটি গত সোমবার রাষ্ট্রপতি বরাবর পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বলেন, “বিচারপতি রেজাউল হাসান ব্যক্তিগত কারণে পদত্যাগপত্র দিয়েছেন। প্রধান বিচারপতির মাধ্যমে এটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে কার্যক্রম চলছিল।”

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হয় প্রধান বিচারপতি ও পরবর্তী জ্যেষ্ঠ দুজন বিচারপতির দ্বারা। কাউন্সিলের মাধ্যমে কোনো বিচারকের বিরুদ্ধে দায়িত্ব পালনে অক্ষমতা বা গুরুতর অসদাচরণের অভিযোগ উঠলে তদন্ত এবং ব্যবস্থা নেওয়া হয়।

সূত্র জানায়, বিচারপতি রেজাউল হাসানের বিরুদ্ধে ২০১০ ও ২০১১ সালের দুটি কোম্পানি মামলায় পক্ষপাতমূলক আচরণ ও দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনের অভিযোগ জানিয়ে আবেদন দায়ের করা হয়। গত বছরের ২৪ নভেম্বর শাহ গ্রুপের চেয়ারম্যান কে এম মজিবুল হক সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে আবেদনটি জমা দেন।

এপ্লিকেশনের পর বিচারপতি রেজাউল হাসান ১০ ডিসেম্বর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে লিখিত বক্তব্য দাখিল করেন। সূত্রটি জানায়, ২৯ মার্চ তিনি পুনরায় আবেদন জমা দেন। একই দিনে তিনি পদত্যাগপত্রও দাখিল করেন।

বিচারপতি রেজাউল হাসানের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে আনুষ্ঠানিক কোনো কার্যধারা শুরু হয়নি।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইট অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জনের পর ১৯৮৫ সালে জেলা আদালতে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন রেজাউল হাসান। ১৯৮৯ সালে হাইকোর্ট, ২০০৪ সালে সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে নিবন্ধিত হন। ২০০৯ সালের ৩০ জুন হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক এবং ২০১১ সালের ৬ জুন স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি।

x

Check Also

প্রথমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অনুমোদন পাচ্ছে ৩ লাখ কোটি টাকার এডিপি

অর্থনৈতিক প্রতিবেদক প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এবার প্রথমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে আসছেন প্রধানমন্ত্রী ...