Don't Miss
Home / রাজনীতি / ১৩তম সংসদের অধিবেশন ১২ মার্চ, স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে জল্পনা

১৩তম সংসদের অধিবেশন ১২ মার্চ, স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে জল্পনা

বিশেষ প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ শুরু হওয়ার কথা রয়েছে। সংবিধান অনুযায়ী, ওই অধিবেশনের প্রথম বৈঠকেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করতে হবে। এবারের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করায়—দলটির মধ্য থেকেই এই দুই সাংবিধানিক পদে মনোনয়ন চূড়ান্ত হবে, এমনটাই রাজনৈতিক মহলের প্রত্যাশা।

স্পিকার নির্বাচন ঘিরে জোর আলোচনা

দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বে সরকার গঠনের পরপরই গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদগুলো নিয়ে আলোচনা শুরু হয়। মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শেষ হলেও স্পিকার, ডেপুটি স্পিকার, ডেপুটি লিডার অব দ্য হাউস ও চিফ হুইপ পদে এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।

দলীয় নীতিনির্ধারকদের মতে, এসব পদে মনোনয়নের ক্ষেত্রে প্রার্থীর সংসদীয় অভিজ্ঞতা, কার্যপ্রণালি সম্পর্কে দক্ষতা, দলের প্রতি আনুগত্য এবং সর্বদলীয় গ্রহণযোগ্যতা বিবেচনায় নেওয়া হচ্ছে। কার্যকর ও প্রাণবন্ত সংসদ পরিচালনার স্বার্থে স্পিকার ও ডেপুটি স্পিকার—উভয় পদেই অভিজ্ঞ সংসদ সদস্যদের অগ্রাধিকার দেওয়া হতে পারে। নিরপেক্ষভাবে অধিবেশন পরিচালনার সক্ষমতাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

স্পিকার পদে তিনজন আলোচনায়

স্পিকার পদে সবচেয়ে আলোচিত নাম স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। নরসিংদী-২ আসনের পাঁচবারের সংসদ সদস্য তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও সাবেক মন্ত্রী হিসেবে তার দীর্ঘ প্রশাসনিক ও রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত না হওয়ায় স্পিকার পদে তার সম্ভাবনা নিয়ে আলোচনা জোরদার হয়েছে। দলীয় সূত্র তার ‘পরিষ্কার ভাবমূর্তি’ ও বিস্তৃত গ্রহণযোগ্যতার কথা উল্লেখ করেছে।

এ বিষয়ে জানতে চাইলে মঈন খান বলেন, এ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত সম্পর্কে তিনি অবগত নন; তবে দল যে দায়িত্ব দেবে, তা তিনি গ্রহণ করবেন।

কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের নামও আলোচনায় রয়েছে। সাবেক বিশ্বব্যাংক কর্মকর্তা হিসেবে আন্তর্জাতিক উন্নয়ন ও সংসদীয় কাজের অভিজ্ঞতা তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে রাখছে।

এ ছাড়া স্পিকার পদে আরেক আলোচিত নাম বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। বরিশাল-৩ আসনের এই সংসদ সদস্য সাংবিধানিক ও নির্বাচনী আইনে বিশেষ দক্ষতার জন্য পরিচিত। তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

সংসদীয় কার্যক্রম পরিচালনায় আইনি পারদর্শিতাকে অগ্রাধিকার দেওয়া হলে তার সম্ভাবনা বাড়তে পারে বলে দলীয় সূত্রের ধারণা।

দলীয় সূত্রের দাবি, এই তিন নেতার মধ্য থেকেই স্পিকার নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের চেয়ারম্যান।

ডেপুটি স্পিকারের সম্ভাব্য তালিকা

ডেপুটি স্পিকার পদে আলোচনায় রয়েছেন—লক্ষ্মীপুর-৪ আসনের এবিএম আশরাফ উদ্দিন নিজান, ভোলা-১ আসনের ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং নোয়াখালী-১ আসনের ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

দলীয় সূত্রে জানা গেছে, মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত নন—এমন তুলনামূলক তরুণ ও সক্রিয় নেতাদের এ পদে বিবেচনা করার আগ্রহ রয়েছে। ফলে আলোচনায় থাকা এই তিন নামই এগিয়ে রয়েছে।

অন্যান্য গুরুত্বপূর্ণ পদ

ডেপুটি লিডার অব দ্য হাউস পদে প্রবীণ নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের নাম বিবেচনায় রয়েছে। সাবেক প্রতিমন্ত্রী হিসেবে তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। এ পদে না হলে তাকে অন্য কোনো গুরুত্বপূর্ণ সংসদীয় দায়িত্ব দেওয়া হতে পারে।

চিফ হুইপ পদে আলোচনায় আছেন নোয়াখালী-২ আসনের ছয়বারের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক এবং নোয়াখালী-৩ আসনের পাঁচবারের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু। বিরোধী দলের চিফ হুইপ হিসেবে পূর্ব অভিজ্ঞতার কারণে ফারুক কিছুটা এগিয়ে রয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

সংসদীয় রীতিতে চিফ হুইপকে ছয়জন হুইপ সহায়তা করেন। এসব পদে আমানউল্লাহ আমান, মোহাম্মদ ফজলুর রহমান, নুরুল ইসলাম মনি, আহমেদ আজম খান, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রেজা কিবরিয়া ও শামসুর রহমান শিমুল বিশ্বাসের নাম আলোচনায় রয়েছে।

প্রথম অধিবেশন পরিচালনা নিয়ে প্রশ্ন

সংবিধানের ৭৪ অনুচ্ছেদ অনুযায়ী, সাধারণ নির্বাচনের পর প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করতে হয়। প্রচলিত রীতি অনুযায়ী, বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকার প্রথম অধিবেশন পরিচালনা করেন।

তবে এবার পরিস্থিতি ভিন্ন। সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের সেপ্টেম্বরে শেখ হাসিনা সরকারের পতনের পর পদত্যাগ করেন। বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বর্তমানে হত্যা মামলায় কারাগারে রয়েছেন।

সংসদীয় বিশ্লেষকদের মতে, এ অবস্থায় রাষ্ট্রপতি মনোনীত কোনো সংসদ সদস্য প্রথম অধিবেশন পরিচালনা করতে পারেন। এরপর স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সম্পন্ন হবে।

x

Check Also

লাভজনক হয়েও ১০১ কোটি টাকা পরিশোধে বিএসসির গড়িমসি, বিপাকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম প্রতিনিধি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হওয়া সত্ত্বেও বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) এখনো ১০১ কোটি টাকার ...