আইপিএলের সময়সূচিতে আবারও পরিবর্তন
Posted by: News Desk
May 9, 2018
এমএনএ স্পোর্টস ডেস্ক : আইপিএলের একাদশ আসর শুরুর আগ থেকেই একদফা সময়সূচি পরিবর্তন করা হয়েছিল। এবার আবারও সময়সূচিতে পরিবর্তনের ঘোষণা এল আইপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে।
দর্শকদের কথা ভেবে প্লে-অফের ম্যাচগুলো রাত ৮টার পরিবর্তে সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে। সেইসঙ্গে ২৭ মে অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচটিও শুরু হবে সন্ধ্যা ৭টা থেকেই। আজ বুধবার এক বিবৃতিতে আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা সময় পরিবর্তনের ব্যাপারটি নিশ্চিত করেছেন।
একাদশ আইপিএলে শুরু থেকে ম্যাচের সময় পরিবর্তনের সম্ভাবনা দেখা গিয়েছিল। কিন্তু দিন দুটি ম্যাচের কথা ভেবে এবং সম্প্রচার চ্যানেলের আপত্তিতে শেষ পর্যন্ত তা কার্যকর হয়নি। কিন্ত প্লে-অফের সময় এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়ে ফেলল আইপিএল গভর্নিং কাউন্সিল।
২০১৮ আইপিএলে প্লে-অফ এবং ফাইনাল হবে কলকাতা ও মুম্বাইয়ে। প্রথম কোয়ালিফায়ার (২২ মে) এবং ফাইনাল (২৭ মে) ম্যাচটি হবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। আর এলিমিনেটর (২৩ মে) এবং দ্বিতীয় কোয়ালিফায়ার (২৫ মে) হবে ইডেনে।
রাজীব শুক্লা বলেন, আইপিএল টুর্নামেন্ট আসলে ক্রিকেটপ্রেমীদের জন্যই। মাঠে এবং টেলিভিশনে ফ্যানের খেলা দেখার উৎসাহ ভারতীয় ক্রিকেট বোর্ডের এই টুর্নামেন্টকে এই জয়গায় পৌঁছে দিয়েছে।
সুতরাং ভক্তদের কথা ভেবে আমাদের চলতে হবে। এটা মাথায় রেখেই আমরা প্লে-অফ এবং ফাইনাল ম্যাচ এক ঘণ্টা আগে শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।
অর্থাৎ রাত ৮টার পরিবর্তে সন্ধ্যা ৭টায় ম্যাচ শুরু হবে। শুধু মাঠে এসে খেলা দেখা দর্শকদেরই নয়, টেলিভিশনের দর্শকদেরও সুবিধা হবে। কারণ পরের দিন সকালে ছাত্রদের স্কুলে যাওয়া থাকে এবং বাকিদের অফিসে যাওয়ার তাড়া থাকে।
উল্লেখ্য, গত বছর আইপিএলের দশম আসরে বৃষ্টির কারণে বেশ কয়েকটি আইপিএল ম্যাচ শেষ হয়েছিল রাত ১.৩০ টার সময়। ফলে মাঠের দর্শকদের বাড়ি ফেরা এবং টেলিভিশনেও ম্যাচ শেষ পর্যন্ত দেখার আগ্রহ হারিয়েছিল অনেকেই। এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। খোদ ক্রিকেটাররাই মুখ খুলেছিলেন মাঝরাত পর্যন্ত খেলা গড়ানোয়।
পরিবর্তন আবারও আইপিএলের সময়সূচিতে 2018-05-09