ইসরায়েলে জাপানের প্রধানমন্ত্রীকে জুতায় খাবার পরিবেশন!
Posted by: News Desk
May 8, 2018
এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ইসরায়েল সফরে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের ডিনারে জুতার ভিতরে ডেজার্ট পরিবেশন করে তুমুল সমালোচনার মুখে পড়েছেন দেশটির সেলিব্রিটি শেফ সেগেভ মোশে।
২ মে শিনজো আবে ও তাঁর স্ত্রীর জন্য ভোজের আয়োজন করা হয়৷ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ওই আয়োজন করা হয়৷ খাবারের শেষ পর্বে চকচকে চামড়ার জুতায় চকোলেট পরিবেশন করায় খোদ ইসরায়েলের কর্মকর্তারা হতভম্ব হয়ে যান৷ এক ইসরায়েলি কর্মকর্তা একে একটি অসংবেদনশীল সিদ্ধান্ত বলে মন্তব্য করেন৷
তিনি বলেন, জাপানি সংস্কৃতিতে জুতাকে খুবই নীচু স্থানে রাখা হয়৷ কেবল ঘরেই নয় আপনি তাঁদের অফিসেও জুতা খুঁজে পাবেন না৷ এটি অত্যন্ত অসম্মানজনক৷
উল্লেখ্য, জুতার বিষয়ে জাপান খুবই খুঁতখুঁতে৷ সে দেশে জুতা ঘরে রাখা হয় না৷ জাপানি সংস্কৃতিতে জুতার জায়গা বাড়ির বাইরে৷ জাপানে ডাইনিং রুমে জুতা রাখা শিষ্টাচার বর্হিভূত বিষয়।
এ বিষয়ে জাপানের এক কূটনীতিকের মন্তব্য, বিশ্বের কোনো দেশেই এমন সংস্কৃতি নেই যেখানে আপনি খাবার টেবিলে জুতা রাখবেন৷ শেফ যদি সেটা মজার জন্যও করে থাকেন তবু্ও আমরা মনে করিনা এটা মজার বিষয়৷ এ ঘটনায় ভীষণভাবে ক্ষুব্ধ আমরা৷
রাষ্ট্রীয় সফরে আসা অতিথির সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু তার সামনে পরিবেশনের অনুমতি মিলল কীভাবে এই প্রশ্নও তুলেছেন অনেকেই।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, আবের পাতে জুতার ভিতরে ডেজার্ট পরিবেশনের সুযোগ দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘অগ্রহণযোগ্য কাজ’ করেছেন বলেও মন্তব্য কূটনীতিকদের।
তারা বলছেন, খাবার ঘরের টেবিলে জুতার উপস্থিতিকে ভালো চোখে দেখা হয় না বিশ্বের বেশিরভাগ সংস্কৃতিতেই। বাইরের জুতা ঘরের ভেতরে দেখতে নারাজ জাপানিদের ক্ষেত্রে এ ধরনের আচরণ আরও অভব্য।
গত সপ্তাহে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও তার স্ত্রী আকি আবে ইসরায়েল সফরে গেলে তাদের ডিনারে জুতার ভিতরে মোড়ানো এ ডেজার্ট সরবরাহ করা হয় বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
উচ্চ পর্যায়ের বেশ কয়েকটি বৈঠকের পর গত ২ মে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার স্ত্রী সারা নেতানিয়াহুর সরকারি বাসভবনে জাপানের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে দেওয়া ভোজে এ ঘটনা ঘটে।
খ্যাতনামা ইসরায়েলি পাচক সেগেভ মোশে দ্বিতীয়বার জাপান সফরে আসা শিনজো-আকি দম্পতিকে ডিনার পরিবেশন করেছিলেন। উপাদেয় একের পর এক খাবারের ধারাবাহিকতায় জাপানি প্রধানমন্ত্রী ও তার স্ত্রীকে শৈল্পিক উপস্থাপনায় চকচকে চামড়ার জুতায় পরিবেশন করা হয় সুস্বাদু চকলেট প্রলাইনস।
যে পরিবেশনায় জাপানি কূটনীতিকরা ছাড়াও দেশটিতে একসময় কাজ করা ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য উচ্চ-পদস্থ কর্মকর্তারাও স্তম্ভিত হয়েছেন বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলের জনপ্রিয় দৈনিক ইয়েদিয়ত আহারোনত।
“এটি খুবই অসংবেদনশীল সিদ্ধান্ত ছিল। জাপানি সংস্কৃতিতে জুতার মতো নিচু স্তরের আর কিছু নেই, ঘরে যেমন তারা জুতা পরেন না, তাদের অফিসেও আপনি জুতা খুঁজে পাবে না। এটা প্রথম মাত্রার অমর্যাদা হয়েছে,” পরিচয় প্রকাশ করা হয়নি এমন এক জ্যেষ্ঠ ইসরায়েলি কূটনীতিক নেতানিয়াহুর ডিনারের ঘটনা নিয়ে ইয়েদিয়ত আহারোনতকে এমনটাই বলেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক জাপানি কূটনীতিকও আবের পাতে জুতায় পরিবেশিত ডেজার্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
“বিশ্বে কোথাও এমন সংস্কৃতি নেই, যেখানে আপনি টেবিলের ওপরে জুতা রাখতে পারবেন। বিশিষ্ট ওই পাচক কি ভেবেছিলেন? যদি এটি রসিকতাও হয়, তাও আমরা একে মজা মনে করছি না। প্রধানমন্ত্রীর হয়ে আমরা এতে অপমানিত বোধ করছি,” বলেন তিনি।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় পরে এক বিবৃতিতে জানিয়েছে, খাবারের ডিশগুলোর অনুমোদনের ক্ষেত্রে তাদের হাত ছিল না।
“আমরা পাচককে শ্রদ্ধা ও তারিফ করছি। তিনি বেশ সৃজনশীল,” বিবৃতিতে বলেছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়।
সেগেভের এই ‘সৃজনশীলতার’ নিদর্শন দেখা গেছে গত বছরের মে মাসেও। মার্কিন প্রেসিডেন্টের ইসরায়েল সফরের সময় ট্রাম্প ও নেতানিয়াহুর দুই মাথার আদলে বানানো ডেজার্ট সরবরাহ করেছিলেন খ্যাতনামা এ শেফ।
কূটনীতিকরা সমালোচনা করলেও সেগেভ অবশ্য তার পরিবেশনায় মোটেও আপত্তিকর কিছু খুঁজে পাচ্ছেন না। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে আবেকে পরিবেশন করা জুতায় মোড়ানো ডেজার্টটির ছবিও দিয়েছেন তিনি।
ইসরায়েলে জুতায় পরিবেশন জাপানের প্রধানমন্ত্রীকে খাবার 2018-05-08