Don't Miss
Home / জাতীয় / ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু ২৪ মে, শিক্ষার্থীদের টানা অবকাশ

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু ২৪ মে, শিক্ষার্থীদের টানা অবকাশ

শিক্ষাঙ্গন প্রতিবেদক

আসন্ন পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু হচ্ছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৪ মে থেকে প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ছুটি কার্যকর হবে। তবে সাপ্তাহিক বন্ধের কারণে শিক্ষার্থীরা মূলত ২২ মে থেকেই টানা ছুটির আমেজে প্রবেশ করবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, ছুটি কার্যকর হবে ২৪ মে রোববার থেকে। এর আগে ২২ ও ২৩ মে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২১ মে বৃহস্পতিবার হবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেষ ক্লাস ও কর্মদিবস। ফলে ওই দিন ক্লাস শেষে শিক্ষার্থীরা দীর্ঘ ছুটিতে যেতে পারবে।

সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় এসব প্রতিষ্ঠানে পাঠদান পুনরায় শুরু হবে ৭ জুন রোববার।

সব মিলিয়ে সাপ্তাহিক বন্ধসহ প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি স্তরের শিক্ষার্থীরা টানা ১৬ দিনের ছুটি ভোগ করবে।

মাদ্রাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী, আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোতে ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটির পর ১৪ জুন থেকে পুনরায় ক্লাস শুরু হবে।

ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ প্রায় ২৩ দিনের দীর্ঘ অবকাশ পাচ্ছে।

জুনে শিক্ষা কার্যক্রম শুরু হলেও জুলাই ও আগস্ট মাসেও বিভিন্ন ধর্মীয় ও জাতীয় দিবস উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছুটি থাকবে।

এ ছাড়া সেপ্টেম্বর মাসে জন্মাষ্টমী ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যেও শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নির্ধারণ করা হয়েছে।

প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহা ও তীব্র গরমের সময় শিক্ষার্থীদের বিশ্রাম ও অবকাশের সুযোগ দিতে সমন্বিতভাবে দীর্ঘ ছুটির ব্যবস্থা রাখা হয়েছে শিক্ষাপঞ্জিতে।

x

Check Also

হামে বিপর্যস্ত শিশুরা, বাড়ছে মৃত্যু: শয্যাসংকটে হাসপাতাল, অসহায় মায়েদের দীর্ঘশ্বাস

এমএনএ প্রতিবেদক রাজধানীর মহাখালীতে অবস্থিত সংক্রামক ব্যাধি হাসপাতাল–এর শিশু ওয়ার্ডে এখন প্রতিদিনই ভিড় বাড়ছে হামে ...