Don't Miss
Home / আজকের সংবাদ / ২৭তম বিসিএসে আরও ৯৬ জনের নিয়োগ, মোট নিয়োগপ্রাপ্ত ৭৬৯

২৭তম বিসিএসে আরও ৯৬ জনের নিয়োগ, মোট নিয়োগপ্রাপ্ত ৭৬৯

এমএনএ প্রতিবেদক

দীর্ঘদিনের আইনি লড়াই ও আন্দোলনের পর ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ আরও ৯৬ জন বঞ্চিত প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১৩ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে এসব প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর ৬৭৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল। নতুন ৯৬ জন যুক্ত হওয়ায় এখন পর্যন্ত মোট ৭৬৯ জন নিয়োগ পেলেন।

নিয়োগপ্রাপ্তদের আগামী ১৮ মে’র মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে যোগদান না করলে তাকে চাকরিতে যোগদান করতে অনিচ্ছুক হিসেবে গণ্য করা হবে এবং নিয়োগ আদেশ বাতিল হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

জ্যেষ্ঠতা থাকবে আগের ব্যাচ অনুযায়ী

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের জ্যেষ্ঠতা রক্ষার স্বার্থে তাদের ব্যাচের প্রথম নিয়োগপ্রাপ্তদের সঙ্গে একই তারিখ থেকে ভূতাপেক্ষিকভাবে (retrospective effect) নিয়োগ কার্যকর হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ, ২৭তম বিসিএস ব্যাচের প্রথম নিয়োগপ্রাপ্তদের যোগদানের তারিখ থেকেই তাদের ধারণাগত জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে।

তবে এ কারণে তারা কোনো বকেয়া বেতন, ভাতা বা আর্থিক সুবিধা পাবেন না বলেও স্পষ্ট করা হয়েছে।

যে কারণে তৈরি হয়েছিল জটিলতা

২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় ৩ হাজার ৫৬৭ জন উত্তীর্ণ হন। কিন্তু ২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ওই মৌখিক পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফলাফল বাতিল করে দ্বিতীয়বার ভাইভা গ্রহণের সিদ্ধান্ত নেয়।

এরপর প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের একটি অংশ ফল বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন। ২০০৮ সালের ৩ জুলাই হাইকোর্ট প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলকে বৈধ ঘোষণা করে রায় দেন। পরে রিট আবেদনকারীরা আপিল বিভাগে লিভ টু আপিল করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত বছরের ২০ ফেব্রুয়ারি আপিল বিভাগ নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জন প্রার্থীকে নিয়োগ দেওয়ার নির্দেশ দেন। এরপর ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়।

এখনও অপেক্ষায় অনেকে

সংশ্লিষ্টদের মতে, আপিল বিভাগের নির্দেশনার আলোকে এখনও বেশ কিছু প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার অপেক্ষায় রয়েছে। বঞ্চিত প্রার্থীদের সংগঠনও অবশিষ্টদের দ্রুত নিয়োগের দাবি জানিয়ে আসছে।

২৭তম বিসিএসকে দেশের প্রশাসনিক ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি ও বিতর্কিত নিয়োগ জটিলতার একটি হিসেবে দেখা হয়। প্রায় দুই দশক পরও এ বিসিএসের নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি শেষ না হওয়ায় বিষয়টি প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

x

Check Also

হামে বিপর্যস্ত শিশুরা, বাড়ছে মৃত্যু: শয্যাসংকটে হাসপাতাল, অসহায় মায়েদের দীর্ঘশ্বাস

এমএনএ প্রতিবেদক রাজধানীর মহাখালীতে অবস্থিত সংক্রামক ব্যাধি হাসপাতাল–এর শিশু ওয়ার্ডে এখন প্রতিদিনই ভিড় বাড়ছে হামে ...