Don't Miss
Home / আজকের সংবাদ / এডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট নিষ্পত্তির আগেই বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ৭ জুন ভোট

এডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট নিষ্পত্তির আগেই বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ৭ জুন ভোট

খেলাধুলা প্রতিবেদক

এডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট নিষ্পত্তির আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। একই দিনে বোর্ড সভাপতি ও সহ-সভাপতি পদেও ভোটগ্রহণ ও ফল ঘোষণা করা হবে।

শনিবার প্রকাশিত তফসিল অনুযায়ী, নির্বাচনের প্রাথমিক কার্যক্রম হিসেবে আগামী ২০ ও ২১ মে মনোনয়নপত্র বিক্রি করা হবে। আগ্রহী প্রার্থীরা সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে বিসিবি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।

নির্বাচন কমিশন ২৩ মে মনোনয়নপত্র বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করবে। এরপর ২৪ মে মনোনয়ন নিয়ে আপত্তি গ্রহণ ও শুনানি অনুষ্ঠিত হবে। প্রার্থীরা ২৫ মে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। একই দিন দুপুর ২টায় প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।

এছাড়া, ২৫ মে পোস্টাল ব্যালট বা ই-ব্যালটের জন্য আবেদন গ্রহণ করা হবে। সব আনুষ্ঠানিকতা শেষে ৭ জুন বিসিবির বোর্ড রুমে পরিচালক এবং সভাপতি ও সহ-সভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রতিবারের মতো এবারও তিনটি ক্যাটাগরি থেকে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এর মধ্যে ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) থেকে নির্বাচিত হবেন ১০ জন, ক্যাটাগরি-২ (ক্লাব) থেকে ১২ জন এবং সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন একজন প্রতিনিধি।

এদিকে, বিসিবির বর্তমান ১১ সদস্যের এডহক কমিটি নিয়ে আইনি জটিলতাও অব্যাহত রয়েছে। সাবেক ক্রিকেটার ও বিসিবির কর্মকর্তাসহ ১২ জন সম্প্রতি হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেছেন, যেখানে তামিম ইকবাল নেতৃত্বাধীন এডহক কমিটি বাতিলের আবেদন জানানো হয়েছে।

রিট আবেদনকারীদের মধ্যে রয়েছেন দেশের ক্রিকেটাঙ্গনের পরিচিত মুখ আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, আসিফ ইকবাল এবং খালেদ মাসুদ পাইলট।

এর আগে গত ১১ মে বিসিবির এডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল এবং দেবাশীষ রায় চৌধুরী সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান এবং রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গোলাম কিবরিয়া। পরে গোলাম কিবরিয়া জানান, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।

গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তিন মাসের জন্য নতুন ১১ সদস্যের এডহক কমিটি গঠন করে। ওই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পান সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবাল। কমিটির অন্য সদস্যরা হলেন— রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরি, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহা।

এনএসসি জানিয়েছে, তাদের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই এই এডহক কমিটি গঠন করা হয়েছে এবং নতুন কমিটি সাময়িকভাবে বিসিবির কার্যক্রম পরিচালনা করবে।

x

Check Also

প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: কুমিল্লার পথসভায় তারেক

কুমিল্লা প্রতিনিধি প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেয়, ...