Don't Miss
Home / আজকের সংবাদ / কোটা বাতিলের প্রজ্ঞাপন যথাসময়ে : জনপ্রশাসন সচিব

কোটা বাতিলের প্রজ্ঞাপন যথাসময়ে : জনপ্রশাসন সচিব

এমএনএ রিপোর্ট : কোটা বাতিলের প্রজ্ঞাপন যথাসময়ে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খান। এ ব্যাপারে প্রজ্ঞাপনসহ অন্যান্য বিষয়ে মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর পরবর্তী নির্দেশনার অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে নিজ দপ্তরে আলাপকালে এ কথা জানান জনপ্রশাসন সচিব।
প্রজ্ঞাপন কবে নাগাদ হতে পারে- এমন প্রশ্নের জবাবে জনপ্রশাসন সচিব বলেন, যথাসময়েই হবে।
সব চাকরির ক্ষেত্রেই কোটা বাতিল হবে কি না জানতে চাইলে সচিব বলেন, সুস্পষ্ট নির্দেশনা পেলেই এই বিষয়ে বলা যাবে। প্রজ্ঞাপনের সময়ই এসব বিষয়ে উল্লেখ থাকবে বলে জানান তিনি।
গত রবিবার থেকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামেন সারা দেশের শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। আন্দোলনের প্রেক্ষিতে গতকাল বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন।
তিনি বলেন, কোটা নিয়ে যখন এতকিছু, তখন কোটাই থাকবে না। কোনো কোটার দরকার নেই। কোটা পদ্ধতি তুলে দিলাম। প্রতিযোগিতার মাধ্যমে সবাই চাকরিতে আসবে। আর ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধীদের চাকরির জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে।
প্রধানমন্ত্রীর এ ঘোষণাকে স্বাগত জানিয়ে আজ বৃহস্পতিবার কোটা সংস্কার নিয়ে আন্দোলন করা সাধারণ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতারা প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন স্থগিত করার ঘোষণা দেন।
এ সময় কোটা বাতিল করে প্রধানমন্ত্রীকে তারা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তারা দ্রুত সময়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বিষয়ে প্রজ্ঞাপন জারি করার আহ্বান জানান।
উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে গত ৮ এপ্রিল থেকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছেন। প্রথমে ঢাকা বিশ্ববিদ্যায়ল এলাকায় এ আন্দোলন শুরু হলেও পরে তা ছড়িয়ে পড়ে সারা দেশে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের প্রতিবাদ ওঠে। এ আন্দোলনে যোগ দেয় দেশের অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ও।
x

Check Also

বাজেটে ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ আসছে না: বাণিজ্যমন্ত্রী

এমএনএ প্রতিবেদক আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো অতিরিক্ত চাপ বা নেতিবাচক ...