Don't Miss
Home / আজকের সংবাদ / উপাচার্যের বাসভবনে পেশাদারদের হামলা : ডিএমপি

উপাচার্যের বাসভবনে পেশাদারদের হামলা : ডিএমপি

এমএনএ রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে পেশাদারদের দ্বারা হামলা হয়েছিল বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। শিগগিরই এই হামলাকারীদের আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার সকালে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে আছাদুজ্জামান মিয়া এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, উপাচার্যের বাসায় যেভাবে ভাঙচুর করা হয়েছে। যে কায়দায় ভাঙচুর করা হয়েছে, যে মাত্রায় ভাঙচুর করা হয়েছে…সিসিটিভি ক্যামেরা শুধু খুলে নেওয়া হয়নি, এটির হার্ডডিস্কটা যে কায়দায় খুলে নেওয়া হয়েছে, সেটি কোনো পেশাদার লোকের কাজ বলে আমাদের কাছে মনে হয়।
মামলার তদন্তকাজ চলছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, মামলা হয়েছে, মামলার তদন্ত চলছে। আমাদের প্রশিক্ষিত, মেধাবী কর্মকর্তারা এ মামলাগুলোর তদন্ত করছেন।
এই তদন্তের সহায়তার জন্য আমাদের ঊর্ধ্বতন অভিজ্ঞ কর্মকর্তাদের নিয়োজিত করা হয়েছে। আমরা প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে, খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসব। এটি হচ্ছে আমাদের দৃঢ়প্রত্যয়। আইনের ঊর্ধ্বে কেউ নয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানের বাসভবনে ৮ এপ্রিল রবিবার রাতে ভাঙচুরের ঘটনা ঘটে । এ ঘটনায় বাসভবনের প্রধান গেট ভেঙে ফেলা হয়। হামলাকারীরা বাসভবনের দেয়ালের তারকাঁটা ভেঙে বাসায় প্রবেশ করে।
এ সময় তারা বাসভবনের ভেতরে থাকা দুটি গাড়িতে ভাঙচুর ও দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ভাঙচুরের এ ঘটনায় শাহবাগ থানায় পুলিশ তিনটি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি মামলা করেছে।
উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে গত ৮ এপ্রিল থেকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছেন। প্রথমে ঢাকা বিশ্ববিদ্যায়ল এলাকায় এ আন্দোলন শুরু হলেও পরে তা ছড়িয়ে পড়ে সারা দেশে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের প্রতিবাদ ওঠে। এ আন্দোলনে যোগ দেয় দেশের অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ও।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...