Don't Miss
Home / খেলাধূলা / কোহলির ওপর চটেছেন কপিল
টি-টোয়েন্টি বিশ্বকাপে

কোহলির ওপর চটেছেন কপিল

এমএনএ খেলাধুলা ডেস্ক : চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে যেখানে হট ফেভারিট ছিল ভারত, সেই ভারতই তাদের প্রথম দুই ম্যাচে হেরে কোণঠাসা অবস্থায়। সেমিতে জেতে হলে পরের তিন ম্যাচ জয়ের পর ভাগ্যের দিকে তাকিয়ে থাকতে হবে। রোববার (৩১ অক্টোবর) রাতে নিউজিল্যান্ডের কাছে হারের পর ভারতের অধিনায়ক বিরাট কোহলির চোখে মুখে ছিল চরম হতাশা। ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক জানিয়েছিলেন, দল হিসেবে তারা খুব একটা সাহসী ছিলেন না।

আর ভারতীয় অধিনায়কের এমন বক্তব্যে ভীষণ চটেছেন ভারতের সাবেক অধিনায়ক কপিল দেব। কোহলির মতো খেলোয়াড়ের মুখ থেকে এমন বক্তব্য আশা করেননি ভারতের পক্ষে জেতা ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।এবিপি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কপিল বলেছেন, ‘কোহলির মতো খেলোয়াড়ের কাছ থেকে এমন ফালতু কথা শুনে খুবই অবাক হয়েছি। অধিনায়কের শরীরী ভাষা যদি এমন হয়, তাহলে সেই দল টুর্নামেন্টে ভালো করবে কীভাবে!’

পরপর দুই ম্যাচ হেরে স্বাভাবিকভাবেই বিধ্বস্ত কোহলি। তার মানসিক অবস্থার কথা বিবেচনা করে সাবেক ভারতীয় অলরাউন্ডারের মন্তব্য, ‘যত যাই হোক, সে (কোহলি) তো অধিনায়ক। দেশের জন্য সে খেলছে। একজন অধিনায়ক যদি বলে, আমরা তেমন সাহসী ছিলাম না- তখন স্বাভাবিকভাবেই তার দিকে আঙুল উঠবে।’

ভারতের এমন করুণ হারের পর ভাষা হারিয়ে ফেলেছেন কপিল। এই ব্যাপারে কপিল বলেন, ‘ভালো খেললে যেমন প্রশংসার অভাব হয় না, তেমনি খারাপ খেললে সমালোচনা হবেই। তবে এমন পরাজয়ের পর সমালোচনা করার মতো অভিধানে শব্দ খুঁজে পাওয়াই কষ্টকর। লড়াই করে হারলেও মেনে নিতাম কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে পারফরম্যান্সে খুশি হওয়ার মতো কিছু ছিলই না।’ভারতীয় ক্রিকেট সমর্থকরা আইপিএলকে দুষছেন বিশ্বকাপে এমন বাজে পারফরম্যান্সের কারণ হিসেবে। তাদের মতে আইপিএল না খেলে যদি ক্রিকেটাররা বিশ্রাম পেতেন অন্তত এক মাসের, তাহলে বিশ্বকাপে এমন খারাপ পরিস্থিতি হতো না।

x

Check Also

সরকারি প্রাথমিক শিক্ষকদের বদলি ব্যবস্থায় বড় পরিবর্তনের উদ্যোগ, আসছে বিকেন্দ্রীকরণ ও নতুন পদোন্নতি কাঠামো

শিক্ষাঙ্গন প্রতিবেদক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। দীর্ঘদিন ...