Don't Miss
Home / সাহিত্যপাড়া / ‘আলিয়া এই ছবির নায়িকা নন, নায়ক’
‘আরআরআর’

‘আলিয়া এই ছবির নায়িকা নন, নায়ক’

এমএনএ বিনোদন ডেস্ক : মুম্বাইয়ের পিভিআর থিয়েটারে শুক্রবার মুক্তি পেল বহু প্রতীক্ষিত ‘আরআরআর’ ছবির টিজার। তবে এখনো প্রকাশ্যে আসেনি এস এস রাজামৌলির এই প্যান ইন্ডিয়া ছবির টিজার। শুধু মুম্বাইয়ের বিনোদনজগতের সাংবাদিকদের জন্য ছিল এই বিশেষ আয়োজন।

‘বাহুবলী’র আশাতীত সাফল্যের পর রাজামৌলি আবার রুপালি পর্দায় আনতে চলেছেন আরেক প্যান ইন্ডিয়া ছবি। চলচ্চিত্রের সংখ্যা ‘পিভিআর’-এর সঙ্গে হাত মিলিয়ে ছবিটি তিনি আনতে চলেছেন। ৪০০ কোটি বাজেটের এই ছবিতে রাম চরণ, জুনিয়র এনটি রামা রাও, অজয় দেবগন, আলিয়া ভাটসহ আরও অনেকে আছেন।

এত সব বড় তারকাই কী এই ছবির মুখ্য আকর্ষণ, এই প্রশ্নের জবাবে রাজামৌলি বলেন, ‘একটা ছবির গল্প এবং চিত্রনাট্য ভালো হওয়া চাই, আর চরিত্রগুলো সুন্দর করে আঁকতে হয়। আর অবশ্যই অভিনেতারা যখন যথাযথভাবে চরিত্রগুলোর প্রতি ন্যায়বিচার করেন, তখন ছবিটি ভালো হতে বাধ্য। আমার ছবি “আরআরআর”-এর ক্ষেত্রে তা-ই হয়েছে।’

দক্ষিণের নায়িকা ছেড়ে আলিয়াকে নেওয়ার প্রসঙ্গে এই খ্যাতনামা পরিচালক বলেন, ‘আমি অভিনয়শিল্পীদের উত্তর, দক্ষিণ, হিন্দি, বাংলা, তামিল, কন্নড় হিসেবে দেখা বন্ধ করে দিয়েছি। এমনকি আমি দর্শকদেরও একই চোখে দেখা শুরু করেছি। আমি শুধু ভারতীয় দর্শক দেখতে পাই। আর তাঁদের জন্য ছবি বানাই। আমি দেখি, আমার ছবির কোন চরিত্রের সঙ্গে কোন অভিনেতা উপযুক্ত, তা তিনি বাঙালি, মালয়ালি, মারাঠি হতে পারেন।’

রাম চরণ, জুনিয়র এনটি রামা রাও, অজয়, আলিয়ার মতো তারকার সঙ্গে কাজ করার অভিজ্ঞতার প্রসঙ্গে রাজামৌলি বলেন, ‘তাঁদের সঙ্গে কাজ করতে আমার এতটুকু অসুবিধা হয়নি। খুব সহজে কাজ করেছি। কারণ, তাঁরা প্রত্যেকেই আপাদমস্তক পেশাদার। তাঁরা জানেন যে পরিচালক কী চান। তাঁরা সবাই প্রতিটি সংলাপ তৈরি করে সেটে এসেছিলেন। আর প্রত্যেকেই আমার পূর্বপরিচিত। চরণ (রাম চরণ) আর থারেকর (জুনিয়র এনটি রামা রাও) আমার অনেক পুরোনো বন্ধু। তাঁদের আমি প্রায় ২০ বছর ধরে চিনি।’

অজয় আর আলিয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘অজয় আমার ছবির হিন্দি রিমেক “সন অব সরদার”-এ কাজ করেছেন। আমার এক ছবির প্রচারণার সময় তাঁর সঙ্গে দেখা হয়েছিল। তাই আমাদের ভালো চেনাশোনা। শুটিংয়ের সময় তিনি কখনো ক্যারাভ্যানে বসতেন না। সারাক্ষণ শুটিং স্পটে থাকতেন। আর আলিয়া ছবিতে নিজের চরিত্রের জন্য খুব ভালো তৈরি করেছিলেন। সংলাপ, বাচনভঙ্গি সবকিছুর জন্য আলেয়া নিজেকে সুন্দর করে প্রস্তুত করেছিলেন।’

রাজামৌলির এই ছবিতে নায়িকা হিসেবে শুধু আলিয়া ভাটের নাম শোনা গেছে। তিন নায়কের সঙ্গে এক নায়িকা প্রসঙ্গে পরিচালক বলেন, ‘আমি লিঙ্গবৈষম্যে বিশ্বাস করি না। আমার এই ছবিতে চারজন নায়ক। চার নায়কের বন্ধুত্ব নিয়ে “আরআরআর”-এর কাহিনি। তাই আলিয়া এই ছবির নায়িকা নন, নায়ক।’

‘আরআরআর’ ছবিতে স্বাধীনতাসংগ্রামী কোমারাম ভীম আর অল্লুরি সীতারাম রাজুর জীবনের কাহিনি তুলে ধরা হয়েছে। এনটি রামা রাওকে ‘কোমারাম ভীম’, আর রাম চরণকে ‘অল্লুরি সীতারাম’-এর চরিত্রে দেখা যাবে। এদিকে আলিয়া অভিনীত চরিত্রের নাম ‘সীতা’। পিরিয়ড ড্রামাভিত্তিক ছবিটি ১০টি ভাষায় আগামী বছরের ৭ জানুয়ারি মুক্তি পাবে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...