Don't Miss
Home / আজকের সংবাদ / খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে

এমএনএ জেলা প্রতিনিধি : খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী মন্টি চাকমা ও দয়া সোনা চাকমাকে উদ্ধার, ইউপিডিএফ-গণতান্ত্রিকের শীর্ষ নেতা তপন জ্যোতি চাকমা ও তার সহযোগীদের গ্রেপ্তারসহ একাধিক দাবিতে পার্বত্য দুই জেলায় (খাগড়াছড়ি ও রাঙামাটি) সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ চলছে।
প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন পার্বত্য দুই জেলা খাগড়াছড়ি ও রাঙামাটিতে এ সড়ক অবরোধের ডাক দেয়।
আজ বুধবার সকাল থেকে অবরোধের কারণে খাগড়াছড়িতে আভ্যন্তরীণ সড়কে শহরে রিকশা ও ইজিবাইকসহ সব ধরনের হালকা যান চলাচল করলেও জেলা শহরের সঙ্গে দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচগুলো সকালের দিকে পুলিশি পাহারায় জেলা সদরে পৌঁছে দেয়া হয়েছে।
অবরোধের সমর্থনে সকালে স্বণির্ভর, চেঙ্গী ব্রিজ এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত পিকেটিং করার খবর পাওয়া গেছে। এসময় শহরের ফায়ার সার্ভিস এলাকায় টায়ারে আগুন দেয় পিকেটাররা।
তবে নাশকতা এবং  অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্কাবস্থায় রয়েছে। পুলিশের পাশাপাশি জেলা জুড়ে সেনাবাহিনী ও বিজিবির টহল জোরদার করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আবদুল হান্নান জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবুও আমরা সতর্কাবস্থায় আছি।
১৮ মার্চ রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়ির আবাসিক এলাকা থেকে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক দয়া সোনা চাকমাকে অস্ত্রের মুখে অপহরণের অভিযোগ উঠেছে। এসময় যুব ফোরামের রাঙামাটি জেলা আহ্বায়ক ধর্মশিং চাকমা পায়ে গুলিবিদ্ধ হয় বলেও জানা যায়।
x

Check Also

বাজেটে ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ আসছে না: বাণিজ্যমন্ত্রী

এমএনএ প্রতিবেদক আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো অতিরিক্ত চাপ বা নেতিবাচক ...