এমএনএ প্রতিবেদক
মৃত প্রবাসী কর্মীর পরিবারের আর্থিক অনুদান মঞ্জুরির প্রক্রিয়ায় ঘুষ নেওয়ার অভিযোগে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দুই কর্মচারী এবং ঋণ দেওয়ার কথা বলে অর্থ নেওয়ার অভিযোগে প্রবাসী কল্যাণ ব্যাংকের এক কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
শনিবার পৃথক অফিস আদেশের মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
সাময়িক বরখাস্ত হওয়া কর্মচারীরা হলেন— ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নিরাপত্তা প্রহরী মো. শফি উদ্দিন, অফিস সহায়ক পলাশ চন্দ্র রায় এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের পিয়ন শামিম।
মন্ত্রণালয় সূত্র জানায়, সৌদি আরবে মৃত্যুবরণকারী প্রবাসী কর্মী মো. কাইয়ুমের পরিবারের অনুকূলে আর্থিক অনুদান প্রদানের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওই দুই কর্মচারী ভুক্তভোগী পরিবারের কাছ থেকে অনৈতিকভাবে নগদ অর্থ গ্রহণ করেন বলে অভিযোগ ওঠে। একইভাবে, প্রবাসী কল্যাণ ব্যাংকের পিয়ন শামিম ঋণ দেওয়ার কথা বলে ভুক্তভোগীর কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগে অভিযুক্ত হন।
এ বিষয়ে নিউজ ২৪-এর সাংবাদিক সাজ্জাদ হোসাইন ও ভুক্তভোগী পরিবার সুনির্দিষ্ট ভিডিও প্রমাণসহ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হকের কাছে অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পর প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ও অভিযোগকারীদের নিয়ে অভিযুক্তদের দপ্তরে যান। সেখানে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্টদের সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্ত কর্মচারীদের আচরণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং তা শৃঙ্খলা ভঙ্গের শামিল। এ কারণে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও প্রবাসী কল্যাণ ব্যাংকের নিজ নিজ বিধি অনুযায়ী ২৩ মে থেকে তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে প্রচলিত বিধি অনুযায়ী তারা খোরপোশ ভাতা পাবেন।
প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, “রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী ও তাদের পরিবারের সেবা প্রদানে দেশে এবং বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে যেকোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। প্রবাসীদের সহযোগিতায় কোনো গাফিলতি বা অনিয়ম সহ্য করা হবে না।”
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদেরও দায়িত্ব পালনে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

