এমএনএ প্রতিবেদক
একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, যা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ। এ পরিস্থিতিতে নির্ধারিত কর্মঘণ্টা মেনে গণপরিবহণ চালানোর জন্য চালক ও মালিকদের সতর্ক করেছে সংস্থাটি।
শনিবার (২৩ মে) বিআরটিএর সদর কার্যালয় থেকে জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, চালকদের অতিরিক্ত সময় ধরে যানবাহন চালানোর কারণে সড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এতে চালক, চালকের সহকারী, যাত্রী ও পথচারীদের হতাহতের ঘটনা ঘটছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিদ্যমান মোটরযান আইন ও বিধি অনুযায়ী কোনো চালক একটানা পাঁচ ঘণ্টার বেশি যানবাহন চালাতে পারবেন না। এরপর অন্তত ৩০ মিনিট বিশ্রাম নিয়ে আরও সর্বোচ্চ তিন ঘণ্টা গাড়ি চালানো যাবে। অর্থাৎ একজন চালক দিনে সর্বোচ্চ আট ঘণ্টা এবং সপ্তাহে ৪৮ ঘণ্টার বেশি দায়িত্ব পালন করতে পারবেন না।
বিআরটিএ জানায়, নির্ধারিত কর্মঘণ্টার ব্যত্যয় ঘটিয়ে গণপরিবহণ চালালে সড়ক দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। তাই দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট মোটরযান মালিক ও চালকদের আইন অনুযায়ী কর্মঘণ্টা মেনে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।
নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট চালকের ড্রাইভিং লাইসেন্স এবং যানবাহনের রেজিস্ট্রেশন বাতিল করা হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।
এ ছাড়া, যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজন হলে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বিআরটিএ।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

