প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র–এ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, “আজ আমরা একটি গুরুত্বপূর্ণ সময়ে একত্রিত হয়েছি। কিছুদিন আগে দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ এক দশকেরও বেশি সময় ধরে জীবন উৎসর্গ করেছে, নির্যাতন-নিপীড়ন ও গুম-খুনের শিকার হয়েছে—সেই ত্যাগের বিনিময়ে আমরা আজ গণতান্ত্রিক অভিযাত্রার সূচনার সুযোগ পেয়েছি।”
ইফতার মাহফিলে আমন্ত্রণ জানানোর জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, তাকে এবং তার সফরসঙ্গীদের আমন্ত্রণ জানানোয় তিনি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছেন।
সরকারপ্রধান আরও বলেন, অনুষ্ঠানে কেবল তার দল বা আয়োজক দলের নেতাকর্মীরাই নন, বিভিন্ন রাজনৈতিক দল ও সমাজের নানা স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন। এটি জাতীয় ঐক্য ও পারস্পরিক সৌহার্দ্যের একটি ইতিবাচক দৃষ্টান্ত।
দেশের জনগণের প্রত্যাশার কথা উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশের মানুষ আজ অনেক আশা ও আকাঙ্ক্ষা নিয়ে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। আসুন, আমরা আল্লাহর নামে শপথ করি—আগামী দিনের প্রতিটি কাজ হবে দেশের মানুষের ভাগ্যোন্নয়নের জন্য।”
তিনি আল্লাহর দরবারে দেশের কল্যাণ ও জনগণের জীবনমান উন্নয়নে কাজ করার তৌফিক কামনা করেন।
ইফতার মাহফিলে আমন্ত্রণ জানানোর জন্য তিনি পুনরায় বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং দলটির আমির ডা. শফিকুর রহমান-সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

