Don't Miss
Home / আজকের সংবাদ / পণ্য খালাস না করা গম-ভুট্টাবাহী জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নৌমন্ত্রীর নির্দেশ

পণ্য খালাস না করা গম-ভুট্টাবাহী জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নৌমন্ত্রীর নির্দেশ

এমএনএ প্রতিবেদক

আমদানিকৃত গম ও ভুট্টাবাহী লাইটার জাহাজ নির্ধারিত সময়ে গুদামে খালাস না করে দীর্ঘদিন নদীতে নোঙর করে রাখার ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম এমপি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী এলাকায় আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশনা দেন।

সরেজমিনে পরিদর্শনকালে মন্ত্রী দেখতে পান, কয়েকটি লাইটার জাহাজে ৬ থেকে ১৮ দিন পর্যন্ত খাদ্যপণ্য বোঝাই অবস্থায় নোঙর করে রাখা হয়েছে। প্রচলিত বিধি অনুযায়ী এসব পণ্য দ্রুত নির্ধারিত গুদামে খালাস করার কথা থাকলেও তা যথাসময়ে করা হয়নি।

মন্ত্রী বলেন, খাদ্যপণ্য অযৌক্তিকভাবে জাহাজে ফেলে রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা অর্জনের কোনও অপচেষ্টা বরদাশত করা হবে না। এ ধরনের কার্যক্রম বাজারব্যবস্থাপনা ও ভোক্তা স্বার্থের জন্য ক্ষতিকর এবং এতে জনস্বার্থ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি আরও জানান, এ ধরনের অনিয়মের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নৌপরিবহন অধিদফতরের অধীনে গঠিত টাস্কফোর্স নিয়মিত নদীপথে অভিযান ও তদারকি কার্যক্রম পরিচালনা করছে। গত দেড় মাসে ঢাকা, নারায়ণগঞ্জ ও যশোর অঞ্চলে ৮৩৮টি জাহাজ পরিদর্শন করা হয়েছে। অনিয়ম প্রমাণিত হলে বিদ্যমান আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী সংশ্লিষ্ট আমদানিকারক, পরিবহনকারী ও ব্যবসায়ীদের নির্ধারিত বিধি-বিধান কঠোরভাবে অনুসরণের আহ্বান জানান। পাশাপাশি খাদ্যপণ্য দ্রুত খালাস ও যথাযথ সংরক্ষণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, নৌপরিবহন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী এনডিসি, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

x

Check Also

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়কদের হাতে তুলে দেয়া হলো ‘ক্যাপ্টেনস কার্ড’

খেলাধুলা প্রতিবেদক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) এক ব্যতিক্রমধর্মী আয়োজনে একসঙ্গে এত সাবেক অধিনায়কের ...