Don't Miss
Home / অর্থনীতি / পুঁজিবাজার পুনর্গঠনে উদ্যোগ, আর্থিক প্রতিষ্ঠানে থাকবে না রাজনৈতিক নিয়োগ: আমির খসরু

পুঁজিবাজার পুনর্গঠনে উদ্যোগ, আর্থিক প্রতিষ্ঠানে থাকবে না রাজনৈতিক নিয়োগ: আমির খসরু

এমএনএ প্রতিবেদক

পুঁজিবাজার পুনর্গঠনে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোতে কোনো রাজনৈতিক নিয়োগ থাকবে না; বরং যোগ্য ও পেশাদার ব্যক্তিদের নিয়োগ দেওয়া হবে।

শনিবার (১৩ জুন) রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতিক কর্মপরিকল্পনা’ শীর্ষক সম্মেলনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, “আমরা আমাদের পুঁজিবাজার পুনর্গঠনের উদ্যোগ নিয়েছি। আমরা একটি নতুন সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন পেয়েছি। নতুন কমিশন গঠন করা হয়েছে, যেখানে সব পেশাদার মানুষ রয়েছেন; কোনো রাজনৈতিক নিয়োগ নেই।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের কোনো আর্থিক প্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক নিয়োগ থাকবে না। তবে ভালো পেশাদার মানুষ খুঁজে পাওয়া কঠিন। তারপরও আমরা যোগ্য ও দক্ষ ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করছি।”

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সততা ও দক্ষতার সঙ্গে পরিচালনার জন্য একটি বড় পেশাদার প্যানেল তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, দক্ষ জনবল পাওয়া চ্যালেঞ্জ হলেও দেশের আর্থিক খাতকে শক্তিশালী করতে এ উদ্যোগের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, গত দেড় দশকের বিভিন্ন সিদ্ধান্তের কারণে বাংলাদেশ এখন বড় ধরনের খেলাপি ঋণের সংকটে পড়েছে। এর প্রভাব পড়ছে সরকারের রাজস্ব ব্যবস্থাপনায়।

তিনি বলেন, “এই বাজেটে সুদ পরিশোধ বাবদ ১ লাখ ২৫ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে, যা রাজস্ব সক্ষমতাকে সংকুচিত করছে। এর ফলে স্বাস্থ্য, অবকাঠামোসহ জনগণের কল্যাণমূলক খাতে প্রয়োজনীয় ব্যয় করা কঠিন হয়ে পড়ছে।”

দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য পুঁজিবাজারকে আরও শক্তিশালী ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, একটি উন্নত পুঁজিবাজার অর্থনীতির জন্য বিকল্প অর্থায়নের সুযোগ তৈরি করবে।

x

Check Also

ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ: এসআইসহ দুই পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

চট্টগ্রাম প্রতিনিধি জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তার অভিযোগে পুলিশের এক উপপরিদর্শক (এসআই)সহ ...