Don't Miss
Home / অর্থনীতি / ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

অর্থনৈতিক প্রতিবেদক

দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (১৪ জুন) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা ও ৪৭(৩) ধারায় কেন্দ্রীয় ব্যাংকের ওপর অর্পিত ক্ষমতাবলে এবং ব্যাংক, আমানতকারী ও জনস্বার্থ রক্ষার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ অবিলম্বে বাতিল করা হয়েছে।

একইসঙ্গে আইনটির ৪৭(৩) ধারা অনুযায়ী প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়া মোহাম্মদ জহির হোসেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের সব ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালন করবেন। নতুন পর্ষদ বা পরিচালনা কাঠামো গঠন না হওয়া পর্যন্ত তিনি কার্যত ব্যাংকটির সর্বোচ্চ প্রশাসনিক কর্তৃত্ব বহন করবেন।

সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে বিতর্ক, গ্রাহকদের মধ্যে উদ্বেগ এবং ব্যাপক হারে আমানত উত্তোলনের ঘটনা ব্যাংকটির স্থিতিশীলতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করে। এ পরিস্থিতিতে আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ, ব্যাংকিং কার্যক্রমে আস্থা ফিরিয়ে আনা এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার প্রয়োজনীয়তা বিবেচনায় কেন্দ্রীয় ব্যাংক কঠোর পদক্ষেপ নেয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে ইসলামী ব্যাংককে ঘিরে নানা ধরনের অস্থিরতা দেখা যায়। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খান-এর পদত্যাগ, গ্রাহকদের বিক্ষোভ এবং পরিচালনা পর্ষদ নিয়ে বিরোধের ঘটনাও আলোচনায় আসে। গত ১ জুন অনুষ্ঠিত এক বোর্ড সভায় ওমর ফারুক খানের পদত্যাগপত্র গৃহীত হয়েছিল এবং পরে ভারপ্রাপ্ত এমডি নিয়োগ দেওয়া হয়।

ব্যাংকিং খাতের বিশেষজ্ঞদের মতে, কোনো ব্যাংকে প্রশাসক নিয়োগের অর্থ ব্যাংকের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া নয়। বরং এটি সাধারণত ব্যাংকের পরিচালনা ও সুশাসন নিশ্চিত করার জন্য নিয়ন্ত্রক সংস্থার একটি বিশেষ ব্যবস্থা। ফলে গ্রাহকদের আমানত, লেনদেন, এটিএম সেবা ও নিয়মিত ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে। প্রশাসকের প্রধান কাজ হবে ব্যাংকের আর্থিক অবস্থা পর্যালোচনা, পরিচালনাগত শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ভবিষ্যৎ পরিচালনা কাঠামোর ভিত্তি তৈরি করা।

বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপ দেশের ব্যাংকিং খাতে চলমান সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট মহলের ধারণা, ইসলামী ব্যাংকের পরিচালন কাঠামো পুনর্বিন্যাস ও গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে পরবর্তী কয়েক সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

x

Check Also

অনগ্রসর এলাকায় শিক্ষার সুযোগ বাড়ালে বিকশিত হবে সুপ্ত প্রতিভা: জুবাইদা রহমান

শিক্ষাঙ্গন প্রতিবেদক দেশের প্রত্যন্ত ও অনগ্রসর অঞ্চলে শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করা গেলে সেখানে লুকিয়ে ...