Don't Miss
Home / আজকের সংবাদ / বিএনপির মঙ্গলবারের সংবাদ সম্মেলন স্থগিত

বিএনপির মঙ্গলবারের সংবাদ সম্মেলন স্থগিত

এমএনএ রিপোর্ট : নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিতব্য আজ মঙ্গলবারের সংবাদ সম্মেলন স্থগিত করেছে বিএনপি। আজ (মঙ্গলবার) বেলা ১১টায় অনুষ্ঠিতব্য এ সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য দেয়ার কথা ছিল।
চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের মৃত্যুর কারণে সংবাদ সম্মেলনটি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সংবাদ সম্মেলনের সময় জানিয়ে দেয়া হবে।
গতকাল সোমবার দিনগত রাতে দলের স্থায়ী কমিটির সদস্যেদের নিয়ে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৈঠকের বিষয়বস্তু গণমাধ্যমকে জানাতেই এ সংবাদ সম্মেলনের আহ্বান করা হয়েছিল।
উল্লেখ্য, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য এম কে আনোয়ার মারা গেছেন। গতকাল সোমবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
এম কে আনোয়ারের চারটি নামাজে জানাজা হবে। সকাল ১০টার দিকে কাঁটাবন মসজিদ, দুপুর ১২টার দিকে নয়াপল্টনে দলীয় কার্যালয়, বেলা দেড়টার দিকে জাতীয় সংসদ ভবনে জানাজা অনুষ্ঠিত হবে। এসব জানাজা শেষে আগামীকাল বুধবার তার লাশ নেওয়া হবে কুমিল্লার হোমনায় নিজ গ্রামের বাড়িতে। হোমনায় আরেকটি জানাজা শেষে সেখানেই তার দাফন সম্পন্ন হবে।
এমকে আনোয়ারের পুরো নাম মোহাম্মদ খোরশেদ আনোয়ার; ১৯৩৩ সালে কুমিল্লায় দেবীদ্বারে তার জন্ম। ১৯৫৩ সালে তৎকালীন সিএসপি কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন এম কে আনোয়ার। তিনি পাকিস্তান ও বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে তিন দশকের বেশি সময় দায়িত্ব পালন করেন। এম কে আনোয়ার ১৯৯০ সালে রাষ্ট্রীয় সর্বোচ্চ কর্মকর্তা ক‍্যাবিনেট সচিবের দায়িত্ব থাকা অবস্থায় অবসরে যান।
চাকরিজীবন থেকে অবসর নিয়ে নব্বইয়ের দশকের শুরুতে তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হন। এর পর বিভিন্ন সময়ে পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে দুবার মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
কুমিল্লার হোমনা আসন থেকে এই নেতা একাধিক বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। দুইবার মন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেন।
দলের প্রবীণ এই নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিবারের প্রতি সমবেদনা জানাতে তিনি এম কে আনোয়ারের বাসায় যাবেন।
x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...