Don't Miss
Home / আজকের সংবাদ / ফিফার বর্ষসেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো

ফিফার বর্ষসেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো

এমএনএ স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং স্প্যানিশ লা লিগার শিরোপা জয় করায় ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারের দৌড়ে অনেকটাই এগিয়ে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।
গত বছরের ২০ নভেম্বর থেকে এ বছরের ২ জুলাই পর্যন্ত খেলোয়াড়দের অর্জন বিবেচনায় বর্ষসেরা নির্বাচন করা হয়। এই পুরস্কারের জন্য গত অগাস্টে ২৪ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছিল ফিফা। সেপ্টেম্বরে তা তিন জনে নামিয়ে আনা হয়।
গতকাল সোমবার রাতে ঐতিহ্যবাহী লন্ডন প্যালেডিয়ামের ব্লুমসবুরি বলরুমে ঘোষণা করা হয় ফিফার বর্ষসেরা পুরস্কারজয়ীদের নাম।
পুরো বছরজুড়ে ক্লাব ও দেশের জন্য দুর্দান্ত পারফর্ম করে এবারও ফিফার ‘দ্য বেস্ট’ হলেন সিআর সেভেন। ব্রাজিলের রোনালদো এবং আর্জেন্টিনার ম্যারাডোনার হাত থেকে পুরস্কার নেন সিআর সেভেন।

বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হয় মূল অনুষ্ঠান। উপস্থাপনা করেন হলিউডের বিখ্যাত অভিনেতা ইদ্রিস এলবা এবং ইংলিশ মডেল লায়লা-আনা লি।

পুরো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয় ফিফার ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে।

সেরা তিনে রোনালদো ও মেসির পাশাপাশি ছিলেন নেইমার। মূল লড়াইটা হয় রোনালদো ও মেসির মধ্যেই। দলীয় সাফল্য বিবেচনায় সিআর সেভেনই সেরার মুকুট জয় করেন।
ব্যক্তিগত দারুণ পারফরম্যান্সের পাশাপাশি এ বছর রিয়াল মাদ্রিদের হয়ে চারটি শিরোপা জেতা রোনালদোর এই পুরস্কার জেতাটা অনুমিতই ছিল। জমকালো অনুষ্ঠানে বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করেন দু্ই কিংবদন্তি আর্জেন্টিনার দিয়েগো মারাদোনা ও ব্রাজিলের রোনালদো।
এ নিয়ে পঞ্চমবারের মতো বর্ষসেরার খেতাব জিতলেন রোনালদো। স্পর্শ করলেন এর আগে পাঁচবার বর্ষসেরা হওয়া মেসির রেকর্ড।
অনুমিতভাবেই চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে হারিয়ে সেরার মুকুট জয় করলেন পর্তুগিজ অধিনায়ক ও রিয়াল মাদ্রিদ সুপারস্টার। এবারও ফিফা বর্ষসেরা ফুটবলের পুরস্কার ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে রোনালদোকে ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ হিসেবে ঘোষণা করা হয়।
২০০৮ সালে প্রথমবার ফিফার বর্ষসেরা ও ফ্রান্স ফুটবল সাময়িকীর ব্যালন ডি’অর পুরস্কার জিতেছিলেন রোনালদো। দুটি পুরস্কার একীভূত হওয়ার পর ২০১৩ ও ২০১৪ সালের ফিফা ব্যালন ডি’অর জেতেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। দুটি পুরস্কার আলাদা হয়ে যাওয়ার পর গত বছর ব্যালন ডি’অর ও দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার পুরস্কার জিতেছিলেন তিনি।
গত মৌসুমে রিয়ালের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল রোনালদোর। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে নকআউট পর্বে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি নকআউট পর্বে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করার কীর্তি গড়েন তিনি।
ইউরোপ সেরা এই প্রতিযোগিতার ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে গত মৌসুমে ১০০ গোলের মাইলফলকও স্পর্শ করেন রোনালদো। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে ফাইনালে দুটিসহ সর্বোচ্চ ১২টি গোল করেন।
গত মে মাসে রিয়াল মাদ্রিদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০০ গোলের মাইলফলক স্পর্শ করেন ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রোনালদো।
বর্ষসেরা ফুটবলার নির্ধারণে সমান ২৫ শতাংশ করে ভূমিকা ছিল ফুটবল বিশ্বের সব জাতীয় দলের অধিনায়ক ও কোচ, বিশ্বজুড়ে ফিফা নির্বাচিত সাংবাদিক ও অনলাইনে ভোট দেওয়া ফুটবলপ্রেমীদের।
প্রসঙ্গত, ১৯৯১ সাল থেকেই নিয়মিতভাবে বর্ষসেরা ফুটবলার পুরস্কার দিয়ে আসছিল ফিফা। ২০১০ সাল থেকে ফ্রান্স ফুটবলের ব্যালন ডি’অরের সঙ্গে মিলে একীভূত হয়ে সেটির নাম হয়ে যায় ফিফা-ব্যালন ডি’অর।
ছয় বছর পর ২০১৬ সাল থেকে ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরা পুরস্কার আলাদা হয়ে যায়। ফ্রান্স ফুটবল ম্যাগাজিন আলাদাভাবে সেরা খেলোয়াড়ের পুরস্কার ব্যালন ডি’অর দিয়ে থাকে। কিছু পরিবর্তন এনে ব্যালন ডি’অর দেয়া হচ্ছে আগের মতোই। তবে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। ফিফার পুরস্কারটা ২০১৬ সালে যাত্রা শুরু করেছে ‘দ্য বেস্ট’ নামে। দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস চালু হওয়ার পর টানা দুবার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন রোনালদো।
শেষ ১০ বারের বিজয়ীরা:
ফিফা বর্ষসেরা
২০০৮ ক্রিস্টিয়ানো রোনালদো
২০০৯ লিওনেল মেসি
একীভূত ফিফা ব্যালন ডি’অর
২০১০ লিওনেল মেসি
২০১১ লিওনেল মেসি
২০১২ লিওনেল মেসি
২০১৩ ক্রিস্টিয়ানো রোনালদো
২০১৪ ক্রিস্টিয়ানো রোনালদো
২০১৫ লিওনেল মেসি
দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার
২০১৬ ক্রিস্টিয়ানো রোনালদো
২০১৭ ক্রিস্টিয়ানো রোনালদো
বার্সেলোনার নারী খেলোয়াড় লিকে মার্টেনস দ্য বেস্ট ফিমেল প্লেয়ার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন। ২০১৭ সালে নেদারলান্ডসকে ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতানোয় সেরার পুরস্কার পান মার্টেনস।
রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান বর্ষসেরা কোচ নির্বাচিত হন। ফিফা বর্ষসেরা নারী ফুটবল দলের কোচ হিসেবে পুরস্কার জিতেছেন নেদারল্যান্ডস জাতীয় নারী ফুটবল দলের কোচ সেরিনা উইগম্যান। সেরা গোল কিপারের পুরস্কার পেয়েছেন ৩৯ বছর বয়সী ইতালির ফুটবলার বুফন। তিনি বর্তমানে ক্লাব যুভেন্টাসের হয়ে বিশ্ব মাতাচ্ছেন।
২০১৭ সালের সেরা গোলের পুরস্কার পুসকাস অ্যাওয়ার্ড জয় করেন আর্সেনাল তারকা অলিভিয়ে জিরুড। অন্যদিকে ফিফা ফ্যান অ্যাওয়ার্ড জিতেছে স্কটিশ ফুটবল ক্লাব সেল্টিক এফসি।
x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...