Don't Miss
Home / আজকের সংবাদ / বিরোধী দল সরকারের সমালোচনা করবে, তবে অবশ্যই গঠনমূলক হতে হবে: রিজভী

বিরোধী দল সরকারের সমালোচনা করবে, তবে অবশ্যই গঠনমূলক হতে হবে: রিজভী

এমএনএ প্রতিবেদক

বিরোধী দল সরকারের সমালোচনা করবে, তবে তা অবশ্যই গঠনমূলক হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

শুক্রবার (৮ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আগামী শনিবার (৯ মে) অনুষ্ঠিতব্য বিএনপির মতবিনিময় সভার প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ওই সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠন—যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেবেন।

রিজভী জানান, সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বা সরাসরি উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দলের মহাসচিবসহ কেন্দ্রীয় ও জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সারাদেশের জেলা পর্যায়ের নেতারা সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরবেন।

তিনি আরও বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর গত কয়েক মাসে নেওয়া বিভিন্ন কর্মসূচি—যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন প্রকল্প—নিয়ে আলোচনা ও বিশ্লেষণও সভায় স্থান পাবে।

সরকারবিরোধী আন্দোলন প্রসঙ্গে রিজভী বলেন, গণতন্ত্রে সরকারের কাজের সমালোচনা বিরোধী দলের স্বাভাবিক দায়িত্ব। তবে সেই সমালোচনা হতে হবে তথ্যভিত্তিক ও গঠনমূলক। উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বিপদে ফেলতে মিথ্যাচার বা ষড়যন্ত্রমূলক রাজনীতি গ্রহণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, জনগণই চূড়ান্ত বিচারক। আগামী নির্বাচনে জনগণই নির্ধারণ করবে সরকার সঠিকভাবে দায়িত্ব পালন করেছে কি না।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা, ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

x

Check Also

সরকারি জমিতে অনুমোদনবহির্ভূত ভবন নির্মাণ, অর্থ আত্মসাতের দায়ে নূর আলীর বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা

বিশেষ প্রতিবেদক রাজধানীর বনানীতে সরকারি জমিতে অনুমোদনবহির্ভূতভাবে বহুতল ভবন নির্মাণ ও বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে ...