খেলাধুলা প্রতিবেদক
মিরপুর টেস্টে দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে একপ্রকার উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। নাহিদ রানার আগুনঝরা স্পেলে সফরকারীরা গুটিয়ে যায় মাত্র ১৬৩ রানে। ফলে ১০৪ রানের বড় জয় তুলে নিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নাজমুল হোসেন শান্তর দল।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এটি ঐতিহাসিক জয়। প্রথম জয়ের জন্য টাইগারদের অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ২৩ বছর। এর আগে টানা ১১টি টেস্টে পাকিস্তানের কাছে হার মানতে হয়েছিল বাংলাদেশকে। অবশেষে ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে প্রথম জয় পাওয়ার পর এবার ঘরের মাঠ মিরপুরেও পাকিস্তানকে হারানোর স্বাদ পেল টাইগাররা।

২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারেই ইমাম-উল-হককে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। এরপর আজান আওয়াইস ১৫ ও অধিনায়ক শান মাসুদ মাত্র ২ রান করে আউট হলে ৬৮ রানেই তিন উইকেট হারায় সফরকারীরা।
চতুর্থ উইকেটে আব্দুল্লাহ ফজল ও সালমান আগা ৫১ রানের জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করেন। ফজল ৬৬ রান ও সালমান ২৬ রান করেন। তবে তাইজুল ইসলাম ও তাসকিনের আঘাতে সেই জুটি ভেঙে যায়।
এরপর নাহিদ রানার গতির সামনে দাঁড়াতেই পারেননি পাকিস্তানের ব্যাটাররা। টানা দুই ওভারে সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানকে ফিরিয়ে ম্যাচ পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে এনে দেন এই তরুণ পেসার। শেষদিকে হাসান আলিকেও এলবিডব্লিউ করেন তাইজুল।
পাকিস্তানের শেষ দুই উইকেট তুলে নিয়ে ইনিংসে পাঁচ উইকেট পূর্ণ করেন নাহিদ রানা। ৪০ রানে ৫ উইকেট নেওয়া এই পেসারই ম্যাচের নায়ক। এছাড়া তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম দুটি করে উইকেট নেন, আর একটি উইকেট পান মেহেদী হাসান মিরাজ।
এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসে অধিনায়ক শান্তর সেঞ্চুরি এবং মুমিনুল হক ও মুশফিকুর রহিমের ফিফটিতে ৪১৩ রান সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে পাকিস্তান ৩৮৬ রান করলে ২৮ রানের লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে টাইগাররা, তাতেই পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রান।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

