Don't Miss
Home / আজকের সংবাদ / বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ইতিবাচক ধারায় এগিয়ে নিচ্ছে নয়াদিল্লি: রণধীর জয়সওয়াল

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ইতিবাচক ধারায় এগিয়ে নিচ্ছে নয়াদিল্লি: রণধীর জয়সওয়াল

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ইতিবাচক ধারায় এগিয়ে নিচ্ছে নয়াদিল্লি।

মঙ্গলবার নয়াদিল্লিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, দুই দেশের চলমান কূটনৈতিক যোগাযোগ ও সহযোগিতা সম্পর্ককে আরও দৃঢ় করছে।

বাংলাদেশে ভারতীয় পণ্য আমদানির বিরুদ্ধে কিছু মানুষের বিক্ষোভ এবং পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। জয়সওয়াল বলেন, “আমরা আগেই ইঙ্গিত দিয়েছি যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ইতিবাচক দিকেই এগিয়ে নেওয়া হচ্ছে।”

তিনি সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান–এর দিল্লি সফর এবং ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা–র ঢাকা সফরের প্রসঙ্গ টেনে বলেন, এই সফরগুলোই দুই দেশের বর্তমান সম্পর্কের গতিপথকে প্রতিফলিত করছে।

জ্বালানি সহযোগিতার বিষয়েও কথা বলেন জয়সওয়াল। তিনি জানান, ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি হলেও ভারত প্রতিবেশী দেশগুলোর জ্বালানি চাহিদা পূরণে সহায়তা অব্যাহত রেখেছে। বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে নিয়মিত ডিজেল সরবরাহ করা হচ্ছে বলেও জানান তিনি।

তার ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে অতিরিক্ত জ্বালানির চাহিদা পাওয়া গেলে ভারত তা পূরণ করেছে এবং এখনও সহযোগিতা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি ভুটান, নেপাল ও শ্রীলঙ্কাতেও বিদ্যমান ব্যবস্থার আওতায় জ্বালানি সহায়তা দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। এছাড়া মরিশাসের সঙ্গে নতুন কিছু জ্বালানি সহযোগিতা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ভারতের এই মুখপাত্র।

তিনি আরও বলেন, নেপাল থেকে সার সরবরাহের একটি অনুরোধ ভারত পেয়েছে এবং তা বিদ্যমান আঞ্চলিক সহযোগিতা কাঠামোর আওতায় বিবেচনা করা হচ্ছে।

x

Check Also

হামে বিপর্যস্ত শিশুরা, বাড়ছে মৃত্যু: শয্যাসংকটে হাসপাতাল, অসহায় মায়েদের দীর্ঘশ্বাস

এমএনএ প্রতিবেদক রাজধানীর মহাখালীতে অবস্থিত সংক্রামক ব্যাধি হাসপাতাল–এর শিশু ওয়ার্ডে এখন প্রতিদিনই ভিড় বাড়ছে হামে ...