Don't Miss
Home / প্রচ্ছদ / যুক্তরাষ্ট্রের সর্বশেষ শান্তি প্রস্তাবের বিষয়ে ইরানের জবাব সম্পূর্ণ অগ্রহণযোগ্য: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সর্বশেষ শান্তি প্রস্তাবের বিষয়ে ইরানের জবাব সম্পূর্ণ অগ্রহণযোগ্য: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের সর্বশেষ শান্তি প্রস্তাবের জবাবে ইরান যে প্রতিক্রিয়া পাঠিয়েছে, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানের জবাবকে “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” বলে মন্তব্য করেছেন।

রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “আমি এটি মোটেও পছন্দ করিনি। ইরানের জবাব সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”

গত সপ্তাহে যুদ্ধ পরিস্থিতি নিরসনে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে একটি সমঝোতা চুক্তির খসড়া পাঠায় যুক্তরাষ্ট্র। ওই প্রস্তাবে যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং দেশটির ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যে ৩০ দিনের আলোচনার প্রস্তাব রাখা হয়েছিল।

এর জবাবে রোববার পাকিস্তানের মাধ্যমেই লিখিত প্রতিক্রিয়া পাঠায় ইরান। পরে সেটি যুক্তরাষ্ট্রের কাছেও পৌঁছে দেওয়া হয়। ইরানের জবাব পাঠানোর কিছু সময়ের মধ্যেই ট্রাম্প তার প্রতিক্রিয়া জানান।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচি ও সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। তবে ইরান তাদের জবাবে এই বিষয়টি এড়িয়ে গিয়ে যুদ্ধবিরতি, বিশেষ করে লেবাননে সংঘাত বন্ধ, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করা এবং নিজেদের সার্বভৌম অধিকার নিশ্চিত করার বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়েছে।

এছাড়া ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামোর জন্য আর্থিক ক্ষতিপূরণও দাবি করেছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের আপত্তির মূল কারণ ইউরেনিয়াম ইস্যু। বর্তমানে ইরানের কাছে প্রায় ৪০০ কেজি ৬০ শতাংশ বিশুদ্ধতার সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এই বিশুদ্ধতার মাত্রা ৯০ শতাংশে উন্নীত করা গেলে তা পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব বলে আশঙ্কা রয়েছে।

যুক্তরাষ্ট্র চাইছিল, ইরান তাদের ইউরেনিয়ামের মজুত হয় ধ্বংস করুক, নয়তো তা যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করুক। কিন্তু তেহরান পাল্টা প্রস্তাবে জানিয়েছে, মজুতের একটি অংশের বিশুদ্ধতা কমিয়ে দেশে রাখা হবে এবং বাকি অংশ তৃতীয় কোনো দেশে স্থানান্তর করা হবে। এ তথ্য জানিয়েছে দ্য ওয়াল স্ট্রীট জার্নাল।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, “ইরান কখনও শত্রুর কাছে মাথা নত করবে না এবং নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থানে থাকবে।”

x

Check Also

পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ও জনবান্ধব হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

এমএনএ প্রতিবেদক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার যেমন স্থায়ী নয়, ...