Don't Miss
Home / আজকের সংবাদ / রেমিট্যান্স প্রবাহ বাড়াতে ফি কমানো হচ্ছে : অর্থমন্ত্রী

রেমিট্যান্স প্রবাহ বাড়াতে ফি কমানো হচ্ছে : অর্থমন্ত্রী

এমএনএ অর্থনীতি রিপোর্ট : রেমিট্যান্স প্রবাহ বাড়াতে ফি কমানো হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিদেশে বাংলাদেশিরা স্থায়ী হওয়ায় রেমিট্যান্স (প্রবাসী আয়) কম আসছে বলে মনে করেন  তিনি।

আজ শনিবার সকালে সিলেটের নাইওরপুল এলাকায় নগর সৌন্দর্যবর্ধন প্রকল্পের অংশ হিসেবে একটি ফোয়ারা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

রেমিট্যান্স প্রবাহ কেন কমছে—সাংবাদিকদের এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, দুটি কারণে কমতে পারে। প্রথমত, যাঁরা বিদেশে থাকছেন, তাঁদের অনেকেই সেখানে স্থায়ীভাবে বসবাসের প্রক্রিয়া করছেন। দ্বিতীয়ত, তাঁদের একটি অভিযোগ আছে, রেমিট্যান্স পাঠানোর ফি অনেক বেশি।

অর্থমন্ত্রী বলেন, এই ফি আমরা কমিয়ে আনার চিন্তাভাবনা করছি, সম্ভবত আগামী মাস থেকে কমে যাবে এবং সেটা হবে নামমাত্র একটি ফি।

তিনি আশা করেন তাতে রেমিটেন্স প্রবাহে গতি আসবে।

প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহে বড় ধরনের পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে ২০১৬-১৭ অর্থবছর।

গত অর্থবছরে এক হাজার ২৭৬ কোটি ৯৪ লাখ (১২.৭৭ বিলিয়ন) ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, এই অঙ্ক আগের অর্থবছরের চেয়ে ১৪ দশমিক ৪৭ শতাংশ কম।

বাংলাদেশ ব্যাংকের রেমিটেন্স সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ছয় বছরের মধ্যে সবচেয়ে কম রেমিটেন্স এসেছে গত অর্থবছরে।

২০১১-১২ অর্থবছরে এক হাজার ২৮৪ কোটি ৩০ লাখ (১২.৮৪ বিলিয়ন) ডলার রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

এর পরের চার বছরে (২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫ ও ২০১৫-১৬) যথাক্রমে ১৪ দশমিক ৪৬ বিলিয়ন ডলার, ১৪ দশমিক ২২ বিলিয়ন, ১৫ দশমিক ৩১ বিলিয়ন এবং ১৪ দশমিক ৯৩ বিলিয়ন ডলার প্রবাসী আয় দেশে এসেছিল।

অর্থপাচার রোধে কী পদক্ষেপ নেবেন—জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘পাচার সারা দুনিয়াতেই হয়। তবে রেটস অব গ্রোথ (পাচারের হার) আমাদের একটু বেশি। এর জন্য আমরাও দায়ী। আমরা এখানে জমির সরকারি মূল্য কমিয়ে রেখেছি।’

উদাহরণস্বরূপ অর্থমন্ত্রী বলেন, কেউ এক কোটি টাকার জমি বিক্রি করলে সেখানে সরকারি দাম ৩০ লাখ, বাকি ৭০ লাখ কালোটাকা হয়ে যায়। তবে পাচার বন্ধে সরকার ব্যবস্থা নিতে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, খুব শিগগির জমির সরকারি দাম বাড়িয়ে বাজারদর করা হবে।

এ সময় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার, চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান, জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. আব্দুল মোমেনসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

গতকাল শুক্রবার সিলেটে পৌঁছান অর্থমন্ত্রী। অর্থমন্ত্রীকে তাঁর নির্বাচনী এলাকার পক্ষ থেকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। বিকেলে তিনি সিলেটের ওসমানীনগর ও ফেঞ্চুগঞ্জ উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। ত্রাণ বিতরণকালে সহায়তা আরও বাড়ানো হবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকায় বিতরণের জন্য সরকার ৫০ লাখ পরিবারকে ভিজিএফ সহায়তা দিচ্ছে। কোনো কোনো জায়গায় তিন ও ছয় মাসমেয়াদি এই সহায়তা প্রয়োজনে আরও বাড়ানো হবে।

ত্রাণ বিতরণ শেষে গতকাল সন্ধ্যায় সিলেট নগরের বড় ব্যবসাকেন্দ্র কালিকা ঘাটে ১৬টি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা উদ্বোধন কর্মসূচিতে অংশ নেন অর্থমন্ত্রী।

উল্লেখ্য, সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে (সুইস ব্যাংক) বাংলাদেশি নাগরিকদের জমা টাকার পরিমাণ বেড়েই চলেছে। এক বছরে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ বেড়েছে ৪০ দশমিক ৭২ শতাংশ। সুইস ব্যাংকে ২০১৪ সালে বাংলাদেশিদের জমার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫০ কোটি ৬০ লাখ সুইস ফ্র্যাংক। স্থানীয় মুদ্রায় এর পরিমাণ ৪ হাজার ৫৫৪ কোটি টাকা (প্রতি সুইস ফ্র্যাংক ৯০ টাকা হিসাবে)। আগের বছর অর্থাৎ ২০১৩ সালে তা ছিল ৩ হাজার ২৩৬ কোটি টাকা। এ হিসাবে এক বছরে বেড়েছে ১ হাজার ৩১৮ কোটি টাকা। এক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত এবং পাকিস্তানের পরই রয়েছে বাংলাদেশের অবস্থান। গত ১৫ জুন সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

অন্যদিকে প্রায় ২ বছর ধরে রেমিট্যান্স বা প্রবাসী আয়ের গতি নিম্নমুখী। গত ২০১৬-১৭ অর্থবছরে রেমিট্যান্স কমেছে সাড়ে ১৪ শতাংশ। গত ৬ বছরে এটিই সর্বনিম্ন, যা উদ্বিগ্ন করছে সরকার, অর্থনীতিবিদ ও ব্যাংক কর্মকর্তাদের। এদিকে চলতি অর্থবছরে রেমিট্যান্স কমে যাওয়ার আশঙ্কা করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

x

Check Also

মন্ত্রীদের বিদেশ সফর ও অভ্যন্তরীণ চলাচলে নতুন প্রটোকল জারি

এমএনএ প্রতিবেদক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রীয় বা সরকারি কাজে বিদেশ গমন, দেশে প্রত্যাবর্তন এবং ...