Don't Miss
Home / আজকের সংবাদ / শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সোয়াল

শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সোয়াল

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ শুক্রবার দিল্লিতে অনুষ্ঠিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

একজন সাংবাদিক ব্রিফিংয়ে প্রশ্ন করেন, সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দিল্লি সফরে এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছেন বলে উল্লেখ করেছেন। পাশাপাশি বাংলাদেশের জাতীয় সংসদে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার বিষয়েও ভারতের অবস্থান জানতে চান তিনি।

জবাবে রণধীর জয়সোয়াল বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধটি চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচনায় নেওয়া হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়ার কথাও তিনি উল্লেখ করেন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, ভারত বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এ বিষয়ে বিস্তারিত মন্তব্য না করে জয়সোয়াল বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, সাম্প্রতিক সফরে দুই দেশের মধ্যে গঠনমূলক সম্পর্ক বজায় রাখা এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ পুনর্ব্যক্ত করা হয়েছে। প্রাসঙ্গিক কাঠামোর মাধ্যমে অংশীদারত্ব আরও গভীর করার প্রস্তাবগুলো খতিয়ে দেখতে উভয় দেশ সম্মত হয়েছে এবং শিগগিরই পরবর্তী আনুষ্ঠানিক বৈঠক হওয়ার আশা করা হচ্ছে। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে মতবিনিময়ও হয়েছে।

অন্যদিকে, প্রতিবেশী দেশগুলোতে জ্বালানি সরবরাহ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জয়সোয়াল জানান, একাধিক দেশ ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে। নিজেদের প্রয়োজন ও মজুত বিবেচনা করে ভারত এসব দেশে জ্বালানি সরবরাহ করছে। তিনি আরও জানান, গত মার্চ মাসে বাংলাদেশে ২২ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ করা হয়েছে এবং চলতি মাসেও এই সরবরাহ অব্যাহত রয়েছে।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...