কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে জেলার প্রায় সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৫টা থেকে এই কর্মসূচি শুরু হয়। পরিবহন মালিক গ্রুপ ও মালিক সমিতির আওতাধীন যাত্রীবাহী বাসগুলো বন্ধ রাখায় কুষ্টিয়া-মেহেরপুর ও কুষ্টিয়া-প্রাগপুর রুটে পুরোপুরি যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া কুষ্টিয়া-খুলনা-যশোর, কুষ্টিয়া-রাজবাড়ী, কুষ্টিয়া-বরিশাল, কুষ্টিয়া-রাজশাহী এবং কুষ্টিয়া-পাবনা-সিরাজগঞ্জসহ অন্যান্য রুটেও কোনো বাস ছেড়ে যায়নি। তবে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেয়।
কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল হক জানান, কুষ্টিয়া-খুলনা-যশোর রুটে তাদের ইউনিয়নের বাস অন্তর্ভুক্ত থাকলেও শ্রমিকরা প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাচ্ছেন না। এ বিষয়ে দুটি দাবি জানিয়ে মালিক পক্ষকে ১৫ এপ্রিল পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছিল। দাবি পূরণ না হওয়ায় তারা বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেন, মালিক সমিতির শ্রমিকরাও এ কর্মসূচির সঙ্গে একমত হয়ে বাস চলাচল বন্ধ রেখেছেন।
অন্যদিকে, কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, শ্রমিক সংগঠন এক সপ্তাহ আগে দুটি দাবি উত্থাপন করে। প্রথমত, মালিকরা যে সুবিধা ভোগ করেন, শ্রমিকদেরও তা দিতে হবে। দ্বিতীয়ত, শ্রমিক সংগঠনের নামে কুষ্টিয়া-খুলনা রুটে একটি বাস পরিচালনার অনুমতি দিতে হবে। এসব দাবি পূরণ না হওয়ায় শ্রমিকরা সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

