খেলাধুলা প্রতিবেদক
আইপিএলে ব্যাট হাতে আলোচনায় আসা তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী এবার ভিন্ন এক ঘটনায় খবরের শিরোনামে। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে খেলতে নেমে মাঠের উত্তেজনাপূর্ণ মুহূর্তে এক শ্রীলঙ্কান ক্রিকেটারের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন ১৫ বছর বয়সী এই ব্যাটার।
ডাম্বুলায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত ‘এ’ দল সংগ্রহ করে ২৬৫ রান। জবাবে শ্রীলঙ্কা ‘এ’ দলও ৯ উইকেটে ২৬৫ রান তুলে ম্যাচ টাই করে। এরপর ফল নির্ধারণে সুপার ওভারে যায় ম্যাচ।
সুপার ওভারে শ্রীলঙ্কা ১৬ রানের লক্ষ্য দেয় ভারতকে। কিন্তু বৈভব সূর্যবংশী ও সূর্যংশ শেড়গের ব্যাটিংয়ে ভারত তুলতে পারে মাত্র ৯ রান। ফলে ৭ রানে জয় পায় শ্রীলঙ্কা।
ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময়ই ঘটে বিতর্কিত ঘটনা। অভিযোগ, শ্রীলঙ্কার ক্রিকেটার বিশেন হালাম্বাগে ও ওয়ানুজা সাহান ভারতীয় দুই ক্রিকেটারের উদ্দেশে মন্তব্য করেন। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, হালাম্বাগে সূর্যবংশীকে উদ্দেশ্য করে বলেন, “ম্যাচ শেষ, এবার বাড়ি যাও।”
এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে সূর্যবংশী ফিরে এসে হালাম্বাগের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং তাকে ধাক্কা দেন। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। শ্রীলঙ্কার উইকেটকিপার-ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা এগিয়ে এসে দুজনকে শান্ত করেন।
ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ক্রিকেট ভক্তদের মধ্যে এ নিয়ে চলছে নানা আলোচনা।
ত্রিদেশীয় এই সিরিজে ভারত ‘এ’ ও শ্রীলঙ্কা ‘এ’ দলের পাশাপাশি আফগানিস্তান ‘এ’ দলও অংশ নিচ্ছে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
