এই মুহুর্তে সৌদি আরবের প্রবল ক্ষমতাধর ব্যক্তি হিসেবে আলোচনায় রয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
সৌদি আরবে ১১ প্রিন্সসহ দেড় ডজন মন্ত্রী আটক
Posted by: News Desk
November 5, 2017
এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি আরবে নতুন একটি দুর্নীতি দমন কমিটি গঠনের কয়েক ঘণ্টার মধ্যে ১১ জন প্রিন্স, চারজন বর্তমান মন্ত্রীসহ প্রায় দেড় ডজন মন্ত্রীকে আটক করা হয়েছে।
এ ছাড়া সৌদির ন্যাশনাল গার্ডমন্ত্রী ও নৌবাহিনীপ্রধানকে বরখাস্ত করা হয়েছে। এর পাশাপাশি দুজন মন্ত্রীকে সরিয়ে দেওয়া হয়েছে, যাদের মধ্যে সৌদি রাজ পরিবারের একজনগুরুত্বপূর্ণ সদস্যও রয়েছেন।
গতকাল শনিবার সৌদির বাদশাহ সালমান তার ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে প্রধান করে একটি দুর্নীতি দমন কমিটি গঠন করেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই আটকের এ ঘটনা ঘটল।
আটকদের মধ্যে প্রিন্সরা ছাড়াও চারজন বর্তমান মন্ত্রী এবং প্রায় ডজনখানেক সাবেক মন্ত্রী রয়েছেন।
আটককৃতদের নাম ও তাদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে- সেসব বিষয় এখনও স্পষ্ট করেনি সৌদি কর্তৃপক্ষ।
তবে সৌদি সংবাদমাধ্যম আল অ্যারাবিয়া জানিয়েছে, ২০০৯ সালে সৌদিতে যে বন্যা হয়েছিল এবং ২০১২ সালে মার্স ভাইরাস ছড়িয়ে পড়ার যে ঘটনা ঘটেছিল, সে বিষয় নিয়ে নতুন করে তদন্ত শুরু হয়েছে।
সৌদি আরব রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, যুবরাজকে প্রধান করে যে কমিটি গঠন করা হয়েছে, সেখানে যুবরাজ চাইলে যে কাউকে গ্রেপ্তার করার এবং যে কারো ওপরে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়ার ক্ষমতা দেয়া হয়েছে।
বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, যুবরাজ সালমান ন্যাশনাল গার্ডমন্ত্রী প্রিন্স মিতেব বিন আব্দুল্লাহকে ও নেভি কমান্ডার অ্যাডমিরাল আব্দুল্লাহ বিন সুলতান বিন মোহাম্মদ আল সুলতানকে বরখাস্ত করেছেন।
তবে তাদের কেন পদচ্যুত করা হয়েছে, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি।
আর রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, যুবরাজ্যের নেতৃত্বে গঠিত দুর্নীতি দমন কমিটিকে গ্রেপ্তারি পরোয়ানার পাশাপাশি ভ্রমণ নিষেধাজ্ঞা জারিরও ক্ষমতা দেওয়া হয়েছে।
আলাদা আদেশে অর্থ মন্ত্রণালয় এবং সৌদি ন্যাশনাল গার্ড ও নৌবাহিনীর শীর্ষ পদেও পরিবর্তন এনেছেন বাদশাহ সালমান।
এর মধ্যে ন্যাশনাল গার্ড বিষয়ক মন্ত্রীর পদ থেকে প্রিন্স মেতিব বিন আবদুল্লাহকে সরিয়ে খালেদ বিন আইয়াফকে দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আদেল আল ফাকিহর বদলে এসেছেন ওই মন্ত্রণালয়ের উপ মন্ত্রী মোহাম্মদ আল-তোইজরি। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আব্দুল্লাহ বিন সুলতান বিন মোহাম্মদ আল সুলতানকেও বরখাস্ত করা হয়েছে।
সৌদি আরবের প্রয়াত বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুল আজিজের ছেলে মেতিবকে এক সময় সিংহাসনের অন্যতম দাবিদার বলে মনে করা হত। রাজপরিবারে আবদুল্লাহর বংশধরদের মধ্যে কেবল তিনিই সৌদি সরকারের সর্বোচ্চ স্তরে ছিলেন।
বিবিসি লিখেছে, প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করে আসা যুবরাজ মোহাম্মদ এই রদবদলের ফলে পুরো দেশের সব নিরাপত্তা বাহিনীর ওপর প্রাথমিক নিয়ন্ত্রণ পেলেন।
সম্প্রতি রিয়াদে এক অর্থনৈতিক সম্মেলনে তিনি বলেন, সৌদি আরবের আধুনিকায়নের ক্ষেত্রে তার পরিকল্পনার মূলমন্ত্র হবে ইসলামের কট্টর অবস্থান থেকে উদারনীতিতে ফিরে আসা।
চলতি বছর জুনে সিংহাসনের উত্তরাধিকারী হওয়ার পর থেকেই বিশ্বে সৌদি আরবের ভাবমূর্তি উজ্জ্বল করতে নানা ধরনের সংস্কারমূলক পদক্ষেপ নিচ্ছেন যুবরাজ মোহাম্মদ।
ডজন সৌদি আরবে আটক মন্ত্রী দেড় ১১ প্রিন্সসহ 2017-11-05