Don't Miss
Home / আইন আদালত / অতশত বুঝি না, বিশুদ্ধ পানি চাই : হাইকোর্ট

অতশত বুঝি না, বিশুদ্ধ পানি চাই : হাইকোর্ট

এমএনএ রিপোর্ট : রাজধানীর কয়েকটি এলাকায় ওয়াসার পানিতে মল ও ব্যাকটেরিয়ার অস্তিত্ব নিয়ে ঢাকা ওয়াসাকে উদ্দেশ্য করে হাইকোর্ট বলেছেন, ‘আমাদের দরকার বিশুদ্ধ পানি। আমরা অতশত বুঝি না, বিশুদ্ধ পানি চাই। যদি তারা (ওয়াসা) তা নিশ্চিত করতে পারে, তা ভালো।’

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সংগৃহীত ওয়াসার পানির আট নমুনায় ব্যাকটেরিয়া ও মলের অস্তিত্ব রয়েছে- এ সংক্রান্ত তথ্য উঠে আসার পর ওয়াসা কর্তৃপক্ষের বক্তব্য বা ব্যাখ্যা কী? তা জানতে চেয়ে শুনানির নির্ধারিত দিন আজ বুধবার হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এমন মন্তব্য করে আদেশ দিয়েছেন।

এ বিষয়ে আগামী ৩০ জুলাই পরর্বতী শুনানির দিন ঠিক করেছেন আদালত।

আদালতে আজ শুনানি করেন ওয়াসার আইনজীবী এএম মাসুম। অন্যদিকে রিটের পক্ষে ছিলেন আইনজীবী তানভীর আহমেদ।

এর আগে আদালতের আদেশ অনুসারে গঠিত চার সদস্যবিশিষ্ট কমিটি বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও আইসিডিডিআরবির পরীক্ষাগারে পানির নমুনা পরীক্ষা করে এক প্রতিবেদন তৈরি করে। প্রতিবেদনটি গত ৭ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে হাইকোর্টে দাখিল করা হয়।

গত৩ জুলাই ঢাকা ওয়াসার ১০টি মডস জোনের মধ্যে চারটি এবং সায়েদাবাদ ও চাঁদনীঘাট এলাকা থেকে সংগৃহীত আটটি নমুনার পানিতে দূষণের তথ্য-সংক্রান্ত প্রতিবেদন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দেয়া হয়।

প্রতিবেদনে এসব এলাকার পানিতে ব্যাকটেরিয়া, উচ্চমাত্রার অ্যামোনিয়া পাওয়া গেছে এবং কিছু কিছু নমুনাতে মলের অস্তিত্ব পাওয়া গেছে বলে তথ্য উঠে আসে।

তারও আগে গত ২১ মে এক আদেশে ঢাকা ওয়াসার পানির উৎস, ১০টি বিতরণ জোন, গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে ১০টি ঝুঁকিপূর্ণ স্থান এবং দৈবচয়নের ভিত্তিতে ১০টি স্থান থেকে নমুনা সংগ্রহ করে, তা পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

ওই আদেশের ধারাবাহিকতায় ৩৪টি স্থান থেকে পানির নমুনা সংগ্রহ করে তা আইসিডিডিআরবি, বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের পরীক্ষাগারে পানির নমুনা পরীক্ষা করে এক প্রতিবেদন তৈরি করে। এর মধ্যে আটটি নমুনাতে দূষণ পাওয়া যায় বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

প্রতিবেদনের ভাষ্য, উৎসসহ ঢাকা ওয়াসার বিভিন্ন জোন থেকে সংগৃহীত পানির ৩৪টি নমুনার মধ্যে আটটিতে ব্যাকটেরিয়াজনিত দূষণ পাওয়া গেছে। এই দূষণ রোধে যথাযথ কর্তৃপক্ষের অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত বলেও কমিটির সুপারিশে বলা হয়। সেদিন শুনানি নিয়ে আদালত এই প্রতিবেদনের বিষয়ে হলফনামা আকারে বক্তব্য ওয়াসাকে দুই সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে ২৪ জুলাই আদেশের জন্য দিন রাখেন। এর ধারাবাহিকতায় বুধবার বিষয়টি আদালতের কার্যতালিকায় ওঠে।

x

Check Also

দীর্ঘ ২৫ বছরেও শেষ হয়নি রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানে হামলা মামলার বিচার

বিশেষ প্রতিবেদন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে যখন সারাদেশে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে, তখনও অনেকের মনে ফিরে ...