Don't Miss
Home / আজকের সংবাদ / অননুমোদিত জ্বালানি মজুদ ঠেকাতে ও সরবরাহ নিশ্চিত করতে দেশের ১৯টি ডিপোতে বিজিবি মোতায়েন

অননুমোদিত জ্বালানি মজুদ ঠেকাতে ও সরবরাহ নিশ্চিত করতে দেশের ১৯টি ডিপোতে বিজিবি মোতায়েন

এমএনএ প্রতিবেদক

অননুমোদিতভাবে জ্বালানি তেল মজুদ ঠেকানো, বিপণন ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে দেশের ৯টি জেলার ১৯টি ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে সরকার।

শনিবার (২৮ মার্চ) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের ঘাটতি ও মূল্যবৃদ্ধি দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে দেশে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এসব কার্যক্রম প্রতিরোধ, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা এবং সরবরাহ স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে।

ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদর দপ্তরের তত্ত্বাবধানে পরিকল্পিতভাবে এই মোতায়েন কার্যক্রম পরিচালিত হচ্ছে। দায়িত্ব পালনের সুবিধার্থে ইউনিট সদর থেকে দূরবর্তী স্থানে নিরাপদ এলাকায় অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে সদস্যরা কাজ করছেন।

গত ২৫ মার্চ সকাল থেকে ঢাকা জেলায় ১টি, কুড়িগ্রামে ২টি, রংপুরে ৩টি, রাজশাহীতে ৩টি, সিলেটে ২টি, মৌলভীবাজারে ৩টি, কুমিল্লায় ৩টি, ব্রাহ্মণবাড়িয়ায় ১টি এবং সুনামগঞ্জে ১টি—মোট ৯টি জেলার ১৯টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

প্রতিটি স্থানে একজন কর্মকর্তার নেতৃত্বে সদস্যরা নিয়মিত তদারকি, প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং কঠোর নিরাপত্তা নিশ্চিত করছেন। পাশাপাশি সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি বাড়ানো, অবৈধ মজুদ ও বিক্রি প্রতিরোধ এবং নাশকতা ঠেকাতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ডিপো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত তথ্য আদান-প্রদান নিশ্চিত করা হচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় বিজিবির দৃশ্যমান উপস্থিতি বজায় রেখে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং জনগণের মধ্যে আস্থা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার ঠেকাতে অতিরিক্ত টহল, নৌ টহল জোরদার, চেকপোস্ট স্থাপন ও তল্লাশি কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। আইসিপি ও এলসিপিগুলোতেও নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি আমদানি-রপ্তানিতে ব্যবহৃত ট্রাক ও লরিসহ বিভিন্ন যানবাহনে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে।

x

Check Also

টানা বৃষ্টিতে ঢাকা, চট্টগ্রাম ও বরিশালে জলাবদ্ধতা: নগরজীবন স্থবির, দীর্ঘমেয়াদি সমাধানের তাগিদ

এমএনএ প্রতিবেদক দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাতের ফলে রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম এবং দক্ষিণাঞ্চলের বরিশাল ...