Don't Miss
Home / আজকের সংবাদ / অবশেষে বরখাস্ত হলেন ইতালির কোচ ভেঞ্চুরা

অবশেষে বরখাস্ত হলেন ইতালির কোচ ভেঞ্চুরা

এমএনএ স্পোর্টস ডেস্ক : সুইডেনের কাছে হেরে ১৯৫৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে পারবে না চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। বিশ্বকাপে জায়গা করে না নিতে পারায় বরখাস্ত হয়েছেন কোচ জামপিয়েরো ভেঞ্চুরা।
প্লে-অফের প্রথম ম্যাচে সুইডেনের কাছে ১-০ ব্যবধানে হেরে যায় ইতালি। তবে ঘরের মাঠে ফিরতি ম্যাচ হওয়ায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় ছিল আজ্জুরিরা। কিন্তু সান সিরোতে পরের ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় রাশিয়া বিশ্বকাপ থেকেই ছিটকে পড়ে হয়েছে বুফন-বুনচ্চি-চিয়েল্লিনিদের।
বাছাইপর্বের প্লে-অফের ফিরতি পর্বে মিলানে সোমবার রাতে সুইডেনের সঙ্গে গোলশূন্য ড্র করে ছিটকে পড়ে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপরই চোখের জলে বিশ্বকাপ না খেলেই অবসরের ঘোষণা দেন সময়ের সেরা এই গোলরক্ষক বুফন। বুফনের সঙ্গে ফুটবলকে আরও বিদায় জানান ড্যানিয়েল ডি রসি, জর্জিও কিয়েলিনি ও আন্দ্রেয়া বারজাগলি।
এদিকে ইতালি বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার পর সরে দাঁড়ানোর ইচ্ছার কথা জানিয়ে রেখেছিলেন ৬৯ বছর বয়সী ভেঞ্চুরা। তবে তার ঘোষণার আগেই তাকে বরখাস্ত করলো ইতালি ফুটবল ফেডারেশন।
ভেঙে পড়েছে ইতালিয়ান ফুটবল। ২০১৮ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে ব্যর্থ হওয়ায় দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। কিন্তু এর মধ্যেই দেশের ফুটবল নিয়ে ভাবতে শুরু করেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর পুনর্গঠন প্রক্রিয়ার প্রথম পদক্ষেপেই ছাঁটাই করা হয়েছে বর্তমান কোচ জিয়ান পিয়েরো ভেঞ্চুরাকে।
ইউরোপের ফুটবলে কোচদের চাকরি যেন কচুপাতায় পানির ফোঁটার মতো। একটু এদিক-ওদিক হলেই বরখাস্ত হতে হয়। আর ভেঞ্চুরার ‘অপরাধ’ তো রীতিমতো পর্বতসমান। ৬০ বছরের মধ্যে প্রথমবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে ব্যর্থ হয়েছে ‘আজ্জুরিরা’। প্লে অফের দুই লেগে কোনো গোল করতে পারেনি। এরপর বরখাস্ত হওয়াটা অনুমিতই ছিল।
বড়সড় একটি বিবৃতি প্রকাশ করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। তাতে বলা হয়েছে, ‘ফেডারেশনের প্রেসিডেন্ট কার্লো তেভেচ্চিওর ডাকা জরুরি বৈঠকে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলতে দলের ব্যর্থতা নিয়ে আলোচনা করা হয়। কাজের প্রথম পর্যায়ে তেভেচ্চিও টেকনিক্যাল দলের সবাইকে অব্যাহতি দিয়েছেন। জিয়ান পিয়েরো ভেঞ্চুরা আর জাতীয় দলের কোচ নন।’
সুইডেনের বিপক্ষে ম্যাচের পরপরই পদত্যাগপত্র জমা দেননি ভেঞ্চুরা। সোমবার তিনি বলেছিলেন, প্রেসিডেন্টের সঙ্গে তাঁর কথা হয়নি। তাঁর মতে, ‘প্লে অফের আগে আমরা প্রত্যাশামতোই এগোচ্ছিলাম। আমাদের দুর্ভাগ্য, আমরা তাঁদের (সুইডিশ) বিপক্ষে গোল করতে পারিনি। আমি ইতালিয়ানদের কাছে ক্ষমা চাই। তবে সেটা শুধুই ম্যাচের ফলের জন্য, প্রতি ম্যাচে আমরা যে প্রচেষ্টা ঢেলে দিই, তার জন্য নয়।’
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এখন আর কোনো কিছুই তাঁর হাতে নেই। দায়িত্ব নেওয়ার দেড় বছরের মধ্যেই ছাঁটাই করা হলো ৬৯ বছর বয়সী এই কোচকে। তাঁর আগে ইতালির কোচ ছিলেন আন্তোনিও কন্তে (বর্তমানে চেলসির ম্যানেজার)। সর্বশেষ ইউরোতে তাঁর অধীনে কোয়ার্টার ফাইনাল খেলেছিল আজ্জুরিরা। জার্মানির বিপক্ষে পেনাল্টিতে হেরে যাওয়ার পর অনেকেই বলেছিলেন, দলের সামর্থ্যের চেয়েও অনেক বেশি জিতেছে ইতালি। নতুন কোচ কে হবেন, সে ব্যাপারে এই বিবৃতিতে কোনো আভাস দেওয়া হয়নি। তবে বাজারের গুজব অনুযায়ী সাবেক এসি মিলান ও বায়ার্ন মিউনিখ কোচ কার্লো আনচেলত্তিকে দায়িত্ব দেওয়া হতে পারে।  সূত্র : গোল ডটকম।
x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...