এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : একটি ছবির মূল্য ৩,৭৬১ কোটি টাকা! এটা কল্পনা করা যায়? তাও আবার শিল্পকর্মটি ৫০০ বছরের পুরোনো। ধারণা করা হয়, প্রখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চি যিশুখ্রিষ্টের এই ছবিটি এঁকেছিলেন। নিউইয়র্কে তা বিক্রি হয়েছে ৪৫ কোটি ডলারে, বাংলাদেশি মুদ্রায় যা তিন হাজার ৭৬১ কোটি ৯৮ লাখ টাকা। শিল্পকর্মটি ‘সালভাতো মুন্ডি’ নামে পরিচিত। এর অর্থ ‘বিশ্বের পরিত্রাতা’। যিশুখ্রিষ্টকে বলা হয় পরিত্রাতা।
নিলামে এ যাবত কালের সবচেয়ে বেশি মূল্যে বিক্রি হওয়া শিল্পকর্ম এটি। বিক্রি হওয়ার পর ব্রিটিশ নিলাম ঘর ক্রিস্টিতে সবাই উল্লসিত হয়ে ওঠে ও করতালি দেয়।
লিওনার্দো দ্য ভিঞ্চি ১৫১৯ সালে মারা যান। তাঁর আঁকা ২০ টিরও কম শিল্পকর্ম টিকে আছে। এগুলোর একটি সালভাতোর মুন্ডি। ধারণা করা হচ্ছে, এটি কারও ব্যক্তিগত সংগ্রহে ছিল। ১৫০৫ সালের কিছু সময় পরে এটি আঁকা হয়েছিল।
নিলামে দর-কষাকষির পর শিল্পকর্মটি দাম ওঠে ৪০ কোটি ডলার। বিভিন্ন অর্থ যুক্ত হয়ে তা দাঁড়ায় ৪৫ কোটি ডলারে। যিনি শিল্পকর্মটি কিনেছেন, তাঁর নাম জানা যায়নি। বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, টেলিফোনের মাধ্যমে তিনি নিলামে অংশ নিয়েছিলেন। মাত্র ২০ মিনিটেই দাম ঠিক হয় শিল্পকর্মটির।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক


