Don't Miss
Home / আজকের সংবাদ / অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাবি ভিসি’র

অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাবি ভিসি’র

এমএনএ প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়–এর উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদনপত্র জমা দিয়েছেন নিয়াজ আহমেদ খান।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়াজ আহমেদ খান সকালে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন–এর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে তিনি উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে এবং তাঁর মূল পদ—উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড–১ অধ্যাপক হিসেবে—ফেরার জন্য রাষ্ট্রপতির বরাবর আবেদনপত্র জমা দেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এক বিশেষ সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের ধারাবাহিকতায় তিনি এ আবেদন করেন। ওই সংবাদ সম্মেলনে নিয়াজ আহমেদ খান উপাচার্যের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর অভিপ্রায় ব্যক্ত করে বলেন, “আমি মনে করছি যে দায়িত্ব পালনের এ পর্যায়ে আমরা একটি ভালো অবস্থানে পৌঁছেছি, এবং এখন আমি সরে দাঁড়াতে চাই।”

ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানের প্রেক্ষাপটে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। পরবর্তীতে আগস্টের শেষ দিকে নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন।

আজকের সাক্ষাতে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে করণীয় বিষয়ে উপাচার্যের মতামত জানতে চান এবং এ ক্ষেত্রে তাঁর সহযোগিতা কামনা করেন।

উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা, ক্যাম্পাসের নিরাপত্তা ও স্থিতিশীলতা ইত্যাদি বিষয়ে শিক্ষামন্ত্রীকে অবহিত করেন। পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বৃহত্তর শিক্ষাখাতের উন্নয়নে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

দেশের একটি ক্রান্তিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অবদান রাখার জন্য শিক্ষামন্ত্রী উপাচার্যকে ধন্যবাদ জানান এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

x

Check Also

দেশের ৭ জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু, আহত বেশ কয়েকজন

এমএনএ প্রতিবেদক দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যুর খবর ...