এমএনএ অর্থনীতি ডেস্ক : বছর ঘুরে আবারও সামনে চলে এসেছে নতুন আরেকটি অর্থবছর, ২০২২-২৩। এ অর্থবছরকে সামনে রেখে শুরু হচ্ছে বাজেটের কার্যক্রম। ইতোমধ্যেই জাতীয় রাজস্ব বোর্ড চার সদস্যের কমিটি গঠন করেছে প্রাক-বাজেট আলোচনা শুরুসহ সার্বিক কাজ এগিয়ে নিতে। জাতীয় বাজেট প্রণয়নের আগে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ দেশের শীর্ষ চেম্বার ও অ্যাসোসিয়েশনের কাছে লিখিতভাবে বাজেট প্রস্তাবনা চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে প্রস্তাবনা সরাসরি এবং ই-মেইলে পাঠানো যাবে। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্রাক-বাজেট আলোচনা। জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছ।
এনবিআর সূত্র জানায়, গত ২০ জানুয়ারি কাস্টমস বিভাগের প্রথম সচিব ড. মো. নেয়ামুল ইসলামকে প্রধান বাজেট সমন্বয়কারী করে চার সদস্যের কমিটি গঠন করা হয়। এরপর দেশের সব চেম্বার ও অ্যাসোসিয়েশনকে তাদের বাজেট প্রস্তাবনা লিখিত আকারে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) কাছে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়। একই সঙ্গে প্রস্তাবের আরেকটি সফট কপি budgetnbr@gmail.com-এ ই-মেইলের মাধ্যমে প্রধান বাজেট সমন্বয়কারী ও প্রথম সচিব বরাবর পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। যেসব প্রতিষ্ঠান, সংস্থা বা দফতর কোনো চেম্বার বা অ্যাসোসিয়েশনের সদস্য নয়, তারাও সরাসরি ওই ই-মেইলে বাজেট প্রস্তাবনা পাঠাতে পারবে।
বাজেট প্রস্তাবনা পাওয়ার পর আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ২০২২-২৩ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা শুরু করবে জাতীয় রাজস্ব বোর্ড। আগামী বাজেটকে অধিকতর অংশগ্রহণমূলক, যৌক্তিক, সুষম ও গণমুখী করার লক্ষ্য নিয়ে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে মাসব্যাপী প্রাক-বাজেট আলোচনার সূচি চূড়ান্ত করেছে প্রতিষ্ঠানটি।৬ ফেব্রুয়ারি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মালিক সমিতির সঙ্গে আলোচনার মাধ্যমে প্রাক-বাজেট আলোচনা শুরু হবে। শেষ হবে ২০ মার্চ, এনবিআর ও এফবিসিসিআইয়ের পরামর্শক কমিটির সভার মাধ্যমে।
জানা গেছে, এবারের প্রাক-বাজেট আলোচনা ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর ও সিলেটে বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে। প্রধান বাজেট সমন্বয়কারী ও এনবিআরের কাস্টমস বিভাগের প্রথম সচিব ড. মো. নেয়ামুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে তালিকা চূড়ান্ত করা হয়েছে।
যেসব প্রতিষ্ঠান, সংস্থা বা দফতর কোনো চেম্বার বা অ্যাসোসিয়েশনের সদস্য নয়, তারাও সরাসরি ওই ই-মেইলের মাধ্যমে বাজেট প্রস্তাব পাঠাতে পারবে। প্রস্তাবের আরেকটি সফট কপি প্রধান বাজেট সমন্বয়কারী ও প্রথম সচিব বরাবরে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।
নতুন বাজেট প্রস্তাবের বিষয়ে এনবিআর জানিয়েছে, বাজেট প্রণয়নে জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব নীতিমালা প্রস্তুত করে থাকে। এ লক্ষ্যে একটি অংশগ্রহণমূলক, গণমুখী, ব্যবসা ও করদাতাবান্ধব এবং রাজস্ব সম্ভাবনাময় সুষম বাজেট প্রণয়নে বরাবরই সব পর্যায়ের করদাতা, বিভিন্ন শিল্প ও বণিক সমিতি, ট্রেড অ্যাসোসিয়েশন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও দেশের বুদ্ধিজীবী মহলের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ড বাজেট প্রস্তাব আহ্বান এবং তাদের সঙ্গে রাজস্ব আহরণ পদ্ধতি সম্পর্কে আলোচনা অনুষ্ঠান করে আসছে।
এরই ধারাবাহিকতায় আসন্ন ২০২২-২৩ অর্থবছরের রাজস্ব আহরণ কার্যক্রমকে অধিকতর অর্থবহ, বিশ্লেষণধর্মী ও প্রতিনিধিত্বশীল করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড আলাপ-আলোচনার মাধ্যমে বাজেট প্রণয়নে আগ্রহী।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

