এমএনএ প্রতিবেদক
ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে প্রায় ৫০ লাখ টাকাসহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়।
নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, “প্রায় ৫০ লাখ টাকাসহ বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে। টাকা গণনা চলছে। তিনি দাবি করেছেন, এগুলো ব্যবসার টাকা।”
পুলিশ ও বিমানবন্দর সূত্রে জানা যায়, ঢাকা থেকে আসা নভোএয়ারের একটি ফ্লাইটে সৈয়দপুরে অবতরণ করার পর বেলাল উদ্দিনের বহন করা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত টাকার পরিমাণ প্রায় ৫০ লাখ বলে জানা গেছে। অর্থের উৎস ও ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ সুপার জানান, নির্বাচনি পরিবেশে বিপুল পরিমাণ নগদ অর্থ বহনের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে জেলা পুলিশ ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা তদন্ত করছে। আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে।
এদিকে, ঘটনাটিকে ‘আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক’ বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের। বুধবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
এহসানুল মাহবুব বলেন, “ঠাকুরগাঁও জামায়াতের আমির একজন ব্যবসায়ী। এয়ারপোর্টের মতো একটি নিরাপদ স্থানে এ ধরনের ঘটনা সাজানো হয়েছে। জামায়াতে ইসলামীকে বিতর্কিত করার উদ্দেশ্যে এই অপপ্রয়াস চালানো হয়েছে।”
তিনি অভিযোগ করেন, নির্বাচনি পরিবেশ নষ্ট করতে একটি মহল পরিকল্পিতভাবে সহিংসতা চালাচ্ছে। “গতকাল আমাদের আমিরের আসনে নির্বাচনি বুথ ভাঙচুর করা হয়েছে। এছাড়া সারাদেশে আমাদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে,” বলেন তিনি।
আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে দলের এজেন্টদের সরিয়ে দেওয়া ও হামলার অভিযোগও করেন জোবায়ের। তার দাবি, প্রশাসনের একটি অংশ বিশেষ একটি দলের পক্ষে ঝুঁকে পড়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তদন্ত শেষে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

