Don't Miss
Home / হোম স্লাইডার / অসুস্থ হয়েই এরশাদ সিএমএইচে ভর্তি আছেন : রাঙ্গা

অসুস্থ হয়েই এরশাদ সিএমএইচে ভর্তি আছেন : রাঙ্গা

এমএনএ রিপোর্ট : জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ আবারও সিএমএইচে ভর্তি হয়েছেন। গতকাল সোমবার রাতে তিনি সিএমএইচে ভর্তি হন। তবে তার নিয়মিত হাসপাতালে আসা-যাওয়াকে ‘ভিন্নভাবে নেয়ার কিছু নেই’ বলে জানিয়েছেন দলের জাপার নবনিযুক্ত মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। তিনি সাংবাদিকদের আশ্বস্ত করে বলেছেন, অসুস্থ হয়েই এরশাদ সিএমএইচে ভর্তি আছেন। এরমধ্যে অন্যকিছু খুঁজতে যাবেন না। কারণ তিনি সত্যি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মশিউর রহমান রাঙ্গা আরও বলেন, মহাজোটের প্রার্থিতা নিশ্চিত হওয়ার পরই চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, ৯ ডিসেম্বরের মধ্যেই মহাজোটের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। এরপরই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যাবেন এরশাদ। কিন্তু দলের স্বার্থেই তিনি ১০ ডিসেম্বরের আগে যাচ্ছেন না।

আজ মঙ্গলবার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি একথা জানান।

রাঙ্গা বলেন, দলের চেয়ারম্যান অসুস্থ হয়ে সিএমএইচে ভর্তি আছেন। সবাই মনোনয়ন চান। একটা চাপতো থাকেই। তিনিও (এরশাদ) খুব বিব্রতকর অবস্থায় পড়েছিলেন। শরীরেও ইনফেকশন আছে। সবকিছু বিবেচনা করে চাপ এড়াতেই তিনি সিএমএইচে গিয়েছিলেন, এখনো মাঝেমধ্যে সেখানে গিয়ে থাকছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাপা মহাসচিব বলেন, ‘স্যার হেঁটে আমার কাছে এসেছেন, সব স্বাভাবিক। গতকাল সোমবার রাত ১টার দিকে তিনি সিএমএইচে গেছেন। তার আগে বাসাতেই ছিলেন বলে তিনি জানান।

রাঙ্গা বলেন, ‘স্যারের (এরশাদ) বাসায় নিকটাত্মীয় কিংবা স্বজন কেউই নেই। তিনি একা একা থাকতে ভয় পান। সেজন্য একটু অসুবিধাবোধ করলেই সিএমএইচে চলে যান। এটিকে ভিন্নভাবে নেয়ার কিছু নেই।’

নির্বাচন এলেই এরশাদের সিএমএইচে আসা-যাওয়া বাড়ে। এ বিষয়ে তিনি বলেন, ‘তার শারীরিক অবস্থা কখনো খারাপ, কখনো ভালো। সবাই দল থেকে মনোনয়ন চায়। একটা চাপ তো থাকেই। এ নিয়ে তিনিও (এরশাদ) খুব বিব্রতকর অবস্থায় পড়েছেন। সবকিছু মিলে চাপ এড়াতেই মাঝে মধ্যে তিনি সিএমএইচে গিয়ে থাকেন।’

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...