অস্ট্রেলিয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Posted by: News Desk
April 26, 2018
এমএনএ রিপোর্ট : প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের আমন্ত্রণে অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠেয় ‘গ্লোবাল সামিট অন উইমেন’ সম্মেলনে যোগ দিতে তিনদিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার বেলা ১টা ৫০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইটে সিডনির পথে রওনা হন প্রধানমন্ত্রী।
ব্যাংককে যাত্রাবিরতির পর স্থানীয় সময় আগামীকাল শুক্রবার সকালে সিডনি পৌঁছাবেন প্রধানমন্ত্রী। ২৬-২৮ এপ্রিল সিডনিতে থাকবেন তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে আছেন, তার ছোট বোন শেখ রেহানা, পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় জানান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল, চিফ হুইপ আ স ম ফিরোজ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম প্রমুখ।
সিডনিতে অনুষ্ঠিত গ্লোবাল সামিট অন উইমেন সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে প্রধানমন্ত্রী নারী নেতৃত্বে সফলতার স্বীকৃতি হিসেবে পাওয়া সম্মানজনক ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’’ গ্রহণ করবেন।
সফরের প্রথম দিন সকালেই অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়াও ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াংয়ের সঙ্গেও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে।
ওইদিন সন্ধ্যায় সিডনির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে প্রধানমন্ত্রীর হাতে ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’ তুলে দেওয়া হবে।
সেখানে তিনি নারীর ক্ষমতায়ন এবং জাতীয় উন্নয়নে তাদের মূলধারায় নিয়ে আসার ক্ষেত্রে তার সরকারের উদ্যোগ তুলে ধরবেন।
বাংলাদেশসহ এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নারী শিক্ষা ও ব্যবসায়িক উদ্যোগের বিষয়ে শেখ হাসিনার নেতৃত্বের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল সামিট অব উইমেন এই পুরস্কার দিচ্ছে।
সফরের দ্বিতীয় দিন আগামী শনিবার সকালে প্রধানমন্ত্রী ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি পরিদর্শন করবেন।
ওইদিন বিকেলে সিডনিতে অস্ট্রেলিয়ার সরকারপ্রধানের বাসভবনে ম্যালকম টার্নবুলের সঙ্গে শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
পরে সন্ধ্যায় সিডনির সোফেটেল হোটেলে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। আগমী রবিবার বিকেলে দেশের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রেলিয়ার পথে 2018-04-26