Don't Miss
Home / আজকের সংবাদ / অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ দল ঘোষণা

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ দল ঘোষণা

এমএনএ স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ শনিবার দুপুরে ১৪ সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। এ সময় তার সঙ্গে ছিলেন অন্যতম নির্বাচক হাবিবুল বাশার ও প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহে।

গত কয়েকদিন ধরেই যেই গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল সেটিই বাস্তবে রূপ নিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টের দলে জায়গা হয়নি তারকা খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ এবং নির্ভরযোগ্য টেস্ট ব্যাটসম্যান মুমিনুল হকের।

গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ব্যর্থ হওয়ায় দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছিলেন মাহমুদউল্লাহ ও মুমিনুল। অস্ট্রেলিয়া সিরিজেও তাদের একই পরিণতি বরণ করতে হবে বলে এতদিন জোর গুঞ্জন চলছিল। শনিবারের দল ঘোষণা সেই গুঞ্জনই বাস্তবে রূপ নিল। নাসির-শফিউলের পাশাপাশি টেস্ট দলে ফিরেছেন লিটন দাসও।

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয়ায় নাসিরকে টেস্ট দলে নিতে বাধ্য হন নির্বাচকরা। অন্যদিকে চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচে আগুন-ঝরা বোলিংয়ে ৫ উইকেট নেয়ায় শফিউলেরও কপাল খুলে।

মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ৭ ও ৫ রান করেছিলেন মুমিনুল। এর আগে ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টের দুই ইনিংসে করে ১২ ও ২৭ রান। ব্যাট হাতে এমন ব্যর্থতার কারণেই মিরপুর টেস্টের দল থেকে বাদ পড়লেন মুমিনুল।

অন্যদিকে মার্চে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংসে যথাক্রমে ৮ ও ০ রান করেছিলেন মাহমুদউল্লাহ। পরের টেস্টে বাদ পড়লেও সাদা পোশাকের দলে ফেরার জন্য কঠিন লড়াই করেছেন এই মিডলঅর্ডার ব্যাটসম্যান। কিন্তু তারপরও নির্বাচকরা মাহমুদউল্লাহকে উপেক্ষাই করলেন।

প্রসঙ্গত, দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গতকাল শুক্রবার রাতে ঢাকায় এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আগামী ২৭ আগস্ট মিরপুরে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে। এরপর ৪ আগস্ট শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...