এমএনএ খেলাধুলা ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে সফল সিরিজ শেষ করে যুক্তরাষ্ট্রে গেলেন সাকিব আল হাসান। যদিও গুঞ্জন ছিল এই সিরিজ শেষের আগেই যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে যাবেন তিনি। তবে শেষ পর্যন্ত সফলভাবে সিরিজ শেষ করেই দেশ ছাড়েন তিনি। বুধবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টায় এমিরেটসের একটি ফ্লাইটে করে দুবাই হয়ে যুক্তরাষ্ট্র পাড়ি জমিয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার পর এবার মিশন নিউজিল্যান্ড। চলতি মাসের ২৪ তারিখ বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। এই সফরে বাংলাদেশের সঙ্গে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে কিউইরা। সিরিজ শুরু হবে ১ সেপ্টেম্বর। এর আগে ২৯ আগস্ট সাভারের বিকেএসপিকে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন ব্ল্যাকক্যাপরা। পাঁচটি টি-টোয়েন্টি হবে ১০ দিনে। সেই সফরের আগে আবারও দেশে ফিরবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।
শুধু তাই নয়, নিজের জাদুকরী পারফরমেন্সে জুলাই মাসের সেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন সাকিব। আইসিসি কর্তৃক ঘোষিত জুলাই মাসের পুরস্কারটি জিতে নিয়েছেন তিনি। জিম্বাবুয়ে সিরিজে দারুণ ফর্মে ছিলেন সাকিব। সেই পারফরমেন্সই সেরা তকমা এনে দেয় তাকে। অস্ট্রেলিয়ার মিচেল মার্শ এবং ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ জুনিয়রকে পেছনে ফেলে আইসিসির মাস সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন সাকিব।
এদিকে ঘরের মাঠে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে নাস্তানুবাদ করেছে বাংলাদেশ। টাইগাররা সিরিজ জিতে নিয়েছে ৪-১ ব্যবধানে। অজিদের বিপক্ষে জয়ে দারুণ ভূমিকা রাখেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজে অনবদ্য রেকর্ডও গড়েছেন সাকিব। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান একই সঙ্গে ১ হাজার রান ও ১০০ উইকেটের মাইলফলক অর্জন করেছেন। টি-টোয়েন্টি ফরমেটে এই কীর্তি নেই আর কারোরই।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

