এমএনএ রিপোর্ট : ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুরের চোখের আলো অস্ত্রোপচারেও ফিরবে না বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আজ সোমবার চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ে সিদ্দিকুর রহমানের চোখ পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক লিঙ্গম গোপাল জানান, অস্ত্রোপচার করেও সিদ্দিকুরের চোখের কিছু হবে না বলে জানান।
ঢাকায় অস্ত্রোপচারের পর সিদ্দিকুর রহমান তাঁর ডান চোখে কোনো আলো দেখছিলেন না। বাঁ চোখে এক দিক থেকে আলো ফেললে আলোর উপস্থিতি টের পাচ্ছিলেন। বাঁ চোখের অবস্থা কি তা জানতেই সিদ্দিকুরকে চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা জানালেন, অস্ত্রোপচারেও কিছু হবে না।
সিদ্দিকুর রহমানের বন্ধু, সহপাঠী শেখ ফরিদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমে সিদ্দিকুরের বড় ভাই নায়েব আলীর সঙ্গে কথা বলে এ তথ্য জেনেছেন বলে দাবি করেন শেখ ফরিদ।
অস্ত্রোপচার করেও চোখ আর ভাল হবে না—চিকিৎসক এ কথা জানানোর পর দীর্ঘক্ষণ কক্ষে বসে কান্নাকাটি করেছেন সিদ্দিকুর রহমান। তাঁরা ভেঙে পড়েছেন। সিদ্দিকুর রহমান সবার দোয়া চেয়েছেন বলে জানান শেখ ফরিদ।
এর আগে ২০ জুলাই রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগে অবস্থান নেয়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা চালায় ও টিয়ারশেল ছোড়ে। এসময় ‘পুলিশের কাঁদানে গ্যাসের শেলের’ আঘাতে সিদ্দিকুরের দুই চোখ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার দিনই সিদ্দিকুরকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকেরা সিদ্দিকুরের ডান চোখ নষ্টের খবর দেন। তবে বাম চোখ বেঁচে যাওয়ার আশাবাদ জানিয়েছিলেন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে গত বৃহস্পতিবার উন্নত চিকিৎসার জন্য সিদ্দিকুরকে চেন্নাইয়ে পাঠানো হয়। সিদ্দিকুরে সঙ্গে যান বড় ভাই নায়েব আলী এবং জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক জাহিদুল আহসান।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

