এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : এবার দুর্নীতির অভিযোগে তদন্তের মুখোমুখি হতে হচ্ছে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে যার নাম ঘোষণা করা হয়েছে সেই শহিদ খোকন আব্বাসিকে। সঙ্গত কারণে নতুন সংকটে পড়েছে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)। দলটির প্রধান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
আজ সোমবার পাকিস্তানের দৈনিক ডনের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।
এতে বলা হয়েছে, পাকিস্তানের জাতীয় জবাবদিহিতা ব্যুরো (এনএবি) পরিচালিত ২২০ বিলিয়ন রুপির দুর্নীতির তদন্তের মুখোমুখি হতে হবে আব্বাসিকে। তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি চুক্তিতে দুর্নীতির অভিযোগে ২০১৫ সালের এনএবির করা এই মামলার মূল অভিযুক্তদের একজন পাকিস্তানের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক সাবেক এই মন্ত্রী।
এনএবির তথ্য অনুযায়ী, পাকিস্তানের সরকারি ক্রয় সংক্রান্ত সংস্থার নিয়ম ও সংশ্লিষ্ট আইন ভঙ্গ করে ২০১৩ সালে ইলেনজি টার্মিনালকে এলএনজি আমদানি ও সরবরাহের চুক্তি দেওয়া হয়। এ ঘটনায় ২০১৫ সালে মামলাটি করে এনএবি।
প্রসঙ্গত, পানামা পেপারস কেলেঙ্কারিতে জড়িয়ে সুপ্রিম কোর্টে অযোগ্য ঘোষিত হওয়ার পর গত ২৮ জুলাই পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন নওয়াজ শরিফ। এরপর বর্তমান সরকারের মেয়াদের বাকি ১০ মাস প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের জন্য নওয়াজের ছোট ভাই শাহবাজ শরিফকে নির্বাচন করে পিএমএল-এন। তবে শাহবাজ দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শহিদ খাকন আব্বাসির নাম ঘোষণা করে দলটি।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

