Don't Miss
Home / আজকের সংবাদ / অস্ত্র কিনতে ফ্রান্স সফরে সৌদি যুবরাজ সালমান

অস্ত্র কিনতে ফ্রান্স সফরে সৌদি যুবরাজ সালমান

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : অস্ত্র কিনতে তিন দিনের সরকারি সফরে ফ্রান্স গেছেন সৌদি ক্রাউন যুবরাজ মুহাম্মাদ বিন সালমান। এ সফরে তিনি ফ্রান্সের সঙ্গে অস্ত্র এবং অন্যান্য বিষয়ে চুক্তি করবেন। ইয়েমেনে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির বিরোধিতা করছেন ফ্রান্সের সাধারণ মানুষ।
ফ্রান্স সফরে বিন সালমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লির সঙ্গে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে।
যুবরাজের ফ্রান্স সফরের সময় অস্ত্র বিক্রিসংক্রান্ত চুক্তির বিরুদ্ধে মানবাধিকার কর্মীরা বিক্ষোভ করতে পারেন। সৌদি আরব দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর তিন বছরের বেশি সময় ধরে হামলা চালাচ্ছে যার প্রধান শিকার দেশটির সাধারণ মানুষ।
ফ্রান্স হচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ এবং ইয়েমেনে আগ্রাসনের ভেতরেই সৌদি আরবের কাছে দেশটি বিপুল পরিমাণে অস্ত্র বিক্রি করে আসছে।
ফ্রান্স থেকে কেনা সিজার আর্টিলারি গান, স্নাইপার রাইফেল, ট্যাংক ও সাঁজোয়া যান এবং যুদ্ধজাহাজ নিয়ে সৌদি আরব ইয়েমেনে হামলা চালাচ্ছে। সৌদি আরবের কাছে এসব অস্ত্র বিক্রির জন্য সমালোচনার মুখে রয়েছেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।
গত শুক্রবার ফ্রান্সের দৈনিক পত্রিকা ‘লেস ইকোস’ জানিয়েছে, এ সফরে সৌদি যুবরাজ ফ্রান্সের কাছ থেকে যুদ্ধজাহাজ ও সিজার আর্টিলারি কামান কিনতে পারে।
সম্প্রতি এক জনমত জরিপ থেকে দেখা গেছে- ফ্রান্সের শতকরা ৭৫ ভাগ মানুষ চায় প্রেসিডেন্ট ম্যাক্রোঁ সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করুক।
সৌদি আরবের আরেকটি কূটনীতিক সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা জানিয়েছে, এই সফরকে শুধু চিরাচরিত কেনাকাটার ধারবাহিক ভ্রমন হিসেবে দেখা উচিৎ হবেনা কারণ এই সফরের মধ্যে দিয়ে ফ্রান্সের সঙ্গে নতুন কৌশলগত সম্পর্ক তৈরি হবে।
সৌদি সরকারের এই বার্তার সত্যতা পাওয়া গিয়েছে ফরাসী কর্মকর্তাদের বক্ত্যব্যে। তারা ফ্রান্স-২৪ কে জানিয়েছেন ফ্রান্স নিঃসন্দেহে সৌদি আরবের বাজার ধরে রাখতে এবং কৌশলগত সহযোগিতার সম্পর্ক তৈরি করতেও আগ্রহী।
সৌদি যুবরাজের ফ্রান্স সফরকে কেন্দ্র করে সৃষ্ট আলোচনায় মুখ্য ইস্যু হয়েছে ইয়েমেনে সৌদি আগ্রাসন। অনেক ফরাসি আইনপ্রনেতা সৌদি আরবের কাছে ফ্রান্সের সামরিক সরঞ্জাম বিক্রয়ের বিরোধিতা করেছেন। প্রেস টিভি জানিয়েছে, ফরাসী জনগণের বিশাল অংশ সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রয়ের বিপক্ষে মতামত পোষণ করেন।
জনমতের চাপ এড়িয়ে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি অব্যাহত রাখতে এই কৌশলগত অস্ত্র বিক্রয় চুক্তি বাস্তবায়ন করতে চায় ফ্রান্স, সৌদি আরবের ঘনিষ্ঠ কূটনীতিক সূত্রের বরাত দিয়ে ফরাসী পত্রিকা দ্যা লোকাল জানিয়েছে ।
অন্যদিকে, এই সফরে বিন সালমান একাধিক ফরাসী প্রযুক্তিখাতের কোম্পানির কার্যালয় পরিদর্শন করবেন। অর্থনৈতিক উৎসের বৈচিত্র আনতে বিন সালমান প্রযুক্তি খাতে বিপুল পরিমাণ বিনিয়োগের পরিকল্পনাও করেছেন।
ম্যাক্রোঁ ও সালমানের বৈঠকে তাই এবার প্রযুক্তিখাতে বিনিয়োগ এবং নতুন ধরণের প্রতিরক্ষা সহযোগিতার বিস্তারিত বিষয় প্রাধান্য পাবে। ফরাসী পররাষ্ট্র মন্ত্রালয় জানায়, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে সৌদি আরব গুরুত্বপূর্ণ আঞ্চলিক মিত্র।
x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...