Don't Miss
Home / হোম স্লাইডার / আইসিসির নতুন নিয়মে ফাইনাল ম্যাচ টাই হলে যা হবে
তাসমেনিয়া মহাদেশের

আইসিসির নতুন নিয়মে ফাইনাল ম্যাচ টাই হলে যা হবে

এমএনএ খেলাধুলা ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তাসমেনিয়া মহাদেশের দুই প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের লড়াই আজ রোববার (১৪ নভেম্বর)। তবে ফাইনালের আগে আবারও আলোচনায় একটি প্রশ্ন। যদি শিরোপা নির্ধারণী ম্যাচটি টাই হয় তবে কী হবে?

২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের কথা কার না মনে আছে! সেবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অদ্ভুতুড়ে এক নিয়মের কারণে টাই হওয়া ম্যাচে শিরোপা হাতছাড়া হয়ে যায় নিউজিল্যান্ডের। স্বাগতিক ইংল্যান্ডের চেয়ে বাউন্ডারি কম মারার কারণে ট্রফির স্বপ্নভঙ্গ হয় কেন উইলিয়ামসনদের।

তবে এরপরই বিতর্কিত সেই নিয়মে পরিবর্তন আনে ক্রিকেটের নীতিনির্ধারকরা। রোববারের (১৪ নভেম্বর) ফাইনাল কোনোভাবে যদি টাই হয়, তবে নতুন সেই নিয়ম দেখা যাবে। আর নতুন নিয়ম হলো, যদি ২০ ওভার খেলার পর দুই দলের ফল অমীমাংসিত থাকে তবে ম্যাচ গড়াবে আগের মতোই সুপার ওভারে।

তবে সেই সুপার ওভারেও যদি ফলাফল নির্ধারিত না হয়, তবে খেলা যাবে পরবর্তী সুপার ওভারে। সেখানেও যদি কোনো ফল না আসে তখন খেলা গড়াবে আরেকটি সুপার ওভারে। এভাবে যতক্ষণ না ম্যাচের ফল বের হবে, ততক্ষণ পর্যন্ত সুপার ওভার চলতেই থাকবে।

অন্যদিকে, শিরোপা নির্ধারণী ম্যাচে আবহাওয়াজনিত কোনো কারণে যদি খেলা মাঠে না গড়ায় তবে তার জন্য রিজার্ভ ডের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া কোনো কারণে দুই দল যদি কমপক্ষে ১০ ওভার ব্যাটিং করতে না পারে, সেক্ষেত্রে খেলা যেখানে শেষ হয়েছিল পরের দিন সেখান থেকেই শুরু হবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এর আগে মাত্র একবার মুখোমুখি হয়েছিল। সেই ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের সুপার টেনে নিউজিল্যান্ডের কাছে ৮ রানে হেরেছিল অজিরা। কিন্তু দুই দলের দেখায় এগিয়ে অজিরাই। মোট ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে এ দুই দল। অস্ট্রেলিয়া জিতেছে ৯টিতে। ৫টিতে জিতেছে নিউজিল্যান্ড।

এদিকে, সেমিফাইনালে এক অদ্ভুত মিল ছিল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে। ইংল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তে জিমি নিশাম এবং ড্যারিল মিচেলের ঝড় নিউজিল্যান্ডকে এক ওভার বাকি থাকতে জয় এনে দেয়। পাকিস্তানের বিপক্ষেও শেষ মুহূর্তে মার্কাস স্টয়নিজ এবং ম্যাথ্যু ওয়েডের ঝড় এক ওভার বাকি থাকতেই জয় এনে দেয় অস্ট্রেলিয়াকে।

২০১০ বিশ্বকাপের ফাইনালও খেলেছিল অস্ট্রেলিয়া। সেবার ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে গিয়েছিল তারা। এ নিয়ে দ্বিতীয়বার উঠল তারা ফাইনালে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারই প্রথম ফাইনাল খেলছে নিউজিল্যান্ড।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...