আওয়ামী লীগ পুলিশকে সহযোগিতা করবে : কাদের
Posted by: News Desk
February 6, 2018
এমএনএ রিপোর্ট : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ আজ থেকে সতর্ক, সজাগ থাকবে। জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে উদ্ভূত পরিস্থিতিতে প্রয়োজনে আওয়ামী লীগ পুলিশকে সহায়তা করবে।
আজ মঙ্গলবার ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলী এবং সহযোগী সংগঠনের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।
৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় হওয়ার কথা রয়েছে। এই রায়ের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, পুলিশকে সহায়তা করব। আমরা ক্ষমতায় আছি, আমরা গায়ে পড়ে কেন অশান্তি ডেকে আনব? ক্ষমতাসীন দল গায়ে পড়ে কেন দেশের স্থিতি, শৃঙ্খলা নষ্ট করবে? দেশ তো শান্তিতে চলছে, আমরা কেন অশান্তি ডেকে আনব?
তিনি বলেন, কিন্তু তারা (বিএনপি) যদি উসকানি দেয় এবং ওই সেদিন হাইকোর্টের সামনে প্রিজন ভ্যানে হামলার মতো পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে আইন প্রয়োগকারী সংস্থা পরিস্থিতি মোকাবিলা করবে। প্রয়োজনে জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা পাশে থাকবে।
তিনি বলেন, ৮ ফেব্রুয়ারিকে ঘিরে আওয়ামী লীগ পাল্টাপাল্টি কোনো কর্মসূচি নেয়নি। দলের সহযোগী ও নগর নেতাদের বলা হয়েছে, কোন প্রকার উসকানি যেন না দেওয়া হয়। যদি বিএনপি মিলিটান্স ভায়োলেন্স করতে চায় বলে উদ্বেগ ও শঙ্কা রয়েছে।
সেতুমন্ত্রী বলেন, খালেদা জিয়ার আরেকটি মামলার হাজিরার দিন বিএনপি প্রকাশ্য দিবালোকে হাইকোর্টের সামনে পুলিশের প্রিজন ভ্যানে আক্রমণ ও ভাংচুর করেছে। রাইফেল পর্যন্ত ভাঙচুর করেছে। ওইভাবে প্রিজন ভ্যান থেকে আসামি ছিনিয়ে নেওয়ার বিষয়টি এড়িয়ে যাওয়া যায় না। এটা কোনো সাধারণ অপরাধ নয়, গুরুতর অপরাধ। এধরনের ঘটনা যারা ঘটাতে পারেন, তারা ৮ ফেব্রুয়ারি নাশকতায় আশ্রয়ও নিতে পারে। পুলিশের কাছেও তথ্য আছে, ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্নস্থানে তারা নাশকতার প্রস্তুতি নিচ্ছে। এ কারণেই আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আজও আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা এসেছিলেন। কোনো ধরনের উসকানি না দেওয়ার জন্য নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার মামলার রায় কী হবে, এর সঙ্গে সরকারের কোনো প্রকারের সংশ্লিষ্টতা নেই। এই সরকারের আমলে দুদকের মামলায় সরকারের দুজন মন্ত্রী এখনো হাজিরা দেন। খুনের মামলায় দলীয় সাংসদ আদালতে নিয়মিত হাজিরা দেন। সরকার কোথাও হস্তক্ষেপ করে না।
তিনি বলেন, ‘আমরা কেন হস্তক্ষেপ করব? খালেদা জিয়া আমাদের শত্রু না, বিএনপি আমাদের শত্রু না। কিন্তু বিএনপি আমাদের শত্রু ভাবে। আমরা তাদের প্রতিপক্ষ ভাবি এবং প্রথম থেকেই তারা আমাদের সঙ্গে শত্রুতা করে আসছে। শত্রুতা যদি না করত, বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে তাদের প্রতিষ্ঠাতা থাকত না।’
যৌথ সভা সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, দলের সম্পাদকমণ্ডলীর নিয়মিত বৈঠকের অংশ হিসেবে আজকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এখানে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সভায় খালেদা জিয়ার রায়ের বিষয়ে আলোচনা এসেছে।
এ ছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, আগামী নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার আগ পর্যন্ত দলের চারজন যুগ্ম সাধারণ সম্পাদক এবং আটজন সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে সারা দেশে সাংগঠনিক সফর করবে আওয়ামী লীগ। এসব সফরের সমন্বয় করবেন এই ১২ জন নেতা।
খালেদা জিয়ার মামলার রায়ের পরিপ্রেক্ষিতে আয়োজিত এই যৌথসভায় দলের সম্পাদকমণ্ডলী ছাড়াও সহযোগী-ভাতৃপ্রতীম সংগঠন এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকরা যোগ দেন।
এর আগে যৌথসভায় দলের চলমান সাংগঠনিক সফরের অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে। আগামী নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত দেশের সব মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে কেন্দ্রীয় নেতাদের এই সাংগঠনিক সফর অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন নেতারা।
ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সভায় দল ও সহযোগী-ভাতৃপ্রতীম সংগঠন নেতাদের মধ্যে মাহবুবউল আলম হানিফ, দীপু মনি, খালিদ মাহমুদ চৌধুরী, একেএম এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, হাবিবুর রহমান সিরাজ, ফরিদুন্নাহার লাইলী, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, আবদুস সোবহান গোলাপ, আবদুস সবুর, দেলোয়ার হোসেন, হারুনুর রশিদ, আবদুস সাত্তার, রোকেয়া সুলতানা, বিপ্লব বড়ুয়া, এসএম কামাল হোসেন, আনোয়ার হোসেন, সাদেক খান, শাহে আলম মুরাদ, হারুনুর রশিদ, মোল্লা মো. আবু কাওছার, সাফিয়া খাতুন, মাহমুদা বেগম কৃক, নাজমা আকতার, অপু উকিল, সাইফুর রহমান,এসএম জাকির হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
পুলিশকে আওয়ামী লীগ কাদের করবে সহযোগিতা 2018-02-06