Don't Miss
Home / আজকের সংবাদ / আগামী ১ মে পবিত্র শবে বরাত

আগামী ১ মে পবিত্র শবে বরাত

এমএনএ রিপোর্ট : ১৪৩৯ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। ফলে বুধবার থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। এর পরিপ্রেক্ষিতে আগামী ১ মে দিবাগত রাতে সারা দেশে পবিত্র লাইলাতুল বরাত পালিত হবে। বাংলাদেশের আকাশে আজ মঙ্গলবার ১৪৩৯ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যাওয়ার প্রেক্ষিতে জাতীয় চাঁদ দেখা কমিটি এ সিদ্ধান্ত জানায়।
আজ মঙ্গলবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় জানানো হয়, আগামীকাল বুধবার থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। সে হিসেবে আগামী ১৪ শাবান ১ মে, মঙ্গলবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র লাইলাতুল বরাত পালিত হবে।
সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মোয়াজ্জেম হোসেন।
সভায় মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মোঃ সাইদুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রেস) মো. মিজান-উল-আলম, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ফজলে রাব্বী, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান জিয়াউল হাসান এনডিসি, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মোঃ শাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম মাওলানা মিজানুর রহমানসহ প্রমুখ।
ড. মোয়াজ্জেম হোসেন বলেন, সারাদেশের ৮ থেকে ১০টি জেলায় জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবনকেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, আজ মঙ্গলবার বাংলাদেশের আকাশে ১৪৩৯ হিজরির শাবান মাসের চাঁদ দেখা গেছে। মেঘের কারণে সব জায়গায় পরিষ্কার দেখা না গেলেও, চাঁদ দেখা গেছে সূত্রে চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুসারে আগামী ১ মে শবে বরাত ও আগামীকাল থেকে শাবান মাস গণনা শুরু হবে।
শবে বরাত বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলমানরা নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও ইবাদত-বন্দেগির মাধ্যমে কাটিয়ে থাকেন।
শবে বরাত বা লাইলাতুল বরাত হচ্ছে আরবি শাবান মাসের ১৫ তারিখে পালিত একটি পূণ্যময় রাত। বিশ্বের বিভিন্ন স্থানের মুসলমানগণ বিভিন্ন কারণে এটি পালন করেন। এই রাতকে লাইলাতুল বরাত বলা হয়। এই রাতকে আরবিতে ‘লাইলাতুল বারাআত’ বলা হয়।
শবে বরাতের পরদিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে। ১ মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসেও সরকারি ছুটি থাকবে। ফলে টানা দুদিন মঙ্গলবার ও বুধবার ছুটি পাবেন সরকারি-বেসরকারি কর্মীরা।
x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...