Don't Miss
Home / আইন আদালত / আগামী ৩০ জানুয়ারিই ঢাকা সিটির নির্বাচন

আগামী ৩০ জানুয়ারিই ঢাকা সিটির নির্বাচন

এমএনএ রিপোর্ট : সরস্বতী পূজার কারণে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন পেছানোর রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এই আদেশের ফলে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ জানুয়ারি ভোট হতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আজ মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত বলেছে, ঢাকার দুই সিটির নির্বাচনী কার্যক্রম এখন যে অবস্থায় আছে, তাতে ভোটের তারিখ পেছানোর কোনো সুযোগ নেই। তাই রিটটি সরাসরি খারিজ করা হলো।

২৯ ও ৩০ জানুয়ারি সরস্বতী পূজা রয়েছে উল্লেখ করে ভোট গ্রহণের নির্ধারিত তারিখ পেছানোর জন্য রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ। গত ৫ জানুয়ারি এই রিট করা হয়।

রিটকারী আইনজীবী অশোক কুমার ঘোষ আদালতে নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন তৌহিদুল ইসলাম।

উল্লেখ্য, ৩০ জানুয়ারি ভোটের দিন ঠিক করে ঢাকার দুই সিটিতে নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। সে অনুযায়ী প্রার্থীরা প্রচারও চালিয়ে যাচ্ছেন। কিন্তু ২৯ ও ৩০ জানুয়ারি সরস্বতী পূজা থাকায় ভোটের তারিখ বদলানোর জন্য আদালতে রিট আবেদন করেন আইনজীবী অশোক কুমার ঘোষ।

আবেদনটি সরাসরি খারিজ করে দিয়ে আদালত আদেশে বলেন, শিক্ষা মন্ত্রণালয় ২৯ জানুয়ারি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে। সুপ্রিম কোর্টের ক্যালেন্ডারেও ২৯ তারিখ ছুটির কথা বলা আছে। আর নির্বাচন কমিশন ৩০ তারিখ ভোটের তারিখ ঘোষণা করেছে। তার দু’দিন পর এসএসসি পরীক্ষা। এমতাবস্থায় ভোটের তারিখ পেছানোর কোনো সুযোগ নেই, তাই আবেদনটি সরাসরি খারিজ করা হল।

আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। তিনি বলেন, এই আদেশে আমরা সংক্ষুব্ধ। আমরা আপিল বিভাগে যাব।

পরে নির্বাচন কমিশনের আইনজীবী তৌহিদুল ইসলাম বলেন, গত বছর ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির যে ক্যালেন্ডার আছে সেখানে সরস্বতী পূজার ছুটি ২৯ জানুয়ারি বলা হয়েছে। সুপ্রিম কোর্টের ক্যালেন্ডারেও একই কথা বলা হয়েছে। ছুটির তালিকা দেখেই ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে। এখন আর ভোটের তারিখ পেছানোর সুযোগ নেই।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত ও সহসভাপতি সুব্রত চৌধুরীও আদালতে উপস্থিত ছিলেন।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...